রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলে ইউক্রেনের বড় ধরনের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। শনিবার আঞ্চলিক গভর্নর ইউরি স্লিউসার টেলিগ্রামে এই তথ্য নিশ্চিত করেছেন।
গভর্নর জানান, শত্রুপক্ষের এই ব্যাপক হামলায় মোট সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনকে আঞ্চলিক রাজধানী রোস্তভ-অন-ডনের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
হামলার প্রভাব পড়েছে রোস্তভের বিভিন্ন জেলায়। প্রলেতারস্কি জেলায় ড্রোন থেকে পড়ে যাওয়া ধ্বংসাবশেষের আঘাতে দুটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে জরুরি সেবা সংস্থাগুলো সেখানকার বাসিন্দাদের উদ্ধার করে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করেছে।
আকসাইস্কি জেলায় একটি গুদামের কাছে ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে এবং পার্শ্ববর্তী বনাঞ্চলে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এছাড়া বাগায়েভস্কি জেলায় বেশ কিছু ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গভর্নর ইউরি স্লিউসার সতর্ক করে জানিয়েছেন যে ড্রোন হামলার ঝুঁকি এখনো কাটেনি। তিনি স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে এবং জানালার কাছ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। ইউক্রেন সরকারের পক্ষ থেকে এই হামলার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।






























