লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে পুলিশের একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। পাশাপাশি, অবৈধ অস্ত্রের সন্ধান বা এ সংক্রান্ত তথ্য প্রদানকারীদের ১০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
শনিবার (২৯ আগস্ট) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় গত তিন মাসের অপরাধ পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোসহ বিভিন্ন প্রয়োজনীয়তার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন কর্মকর্তারা।
এসব বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলে সভায় জানানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও উন্নত হবে এবং এ বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।





























