৩০ আগস্ট টোরিনো ছেড়ে ধারে ফিওরেন্টিনায় যোগ দিয়েছেন সুইডিশ উইঙ্গার আলিউ এনজি। দুই ক্লাবের মধ্যকার এই চুক্তিতে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে তাকে স্থায়ীভাবে কিনে নেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনা আনুষ্ঠানিকভাবে টোরিনোর এই উইঙ্গারকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে।
২১ বছর বয়সী এই তরুণ উইঙ্গার টোরিনোর হয়ে এ পর্যন্ত ৩৬টি ম্যাচে মাঠে নেমে ২টি গোল করেছেন। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে সুইডেনের অনূর্ধ্ব-২১ জাতীয় দলের হয়ে ৬টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এনজি। ফিওরেন্টিনার অফিসিয়াল ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই চমৎকার দলটির হয়ে খেলা শুরু করতে আমি খুবই আনন্দিত ও উত্তেজিত। আমি এর আগে কখনো এত সুন্দর অনুশীলন মাঠ দেখিনি। এখানে আসতে পেরে আমি নিজেকে সম্মানিত বোধ করছি এবং প্রতিদিন নিজেকে আরও উন্নত করতে চাই। আশা করি, এটি একটি দারুণ মৌসুম হবে।
ফিওরেন্টিনায় যোগ দেওয়ার পেছনে ক্লাবের সমৃদ্ধ ইতিহাস ও সমর্থকদের আবেগ বড় ভূমিকা রেখেছে বলে জানান এনজি। তিনি বলেন, মূলত ফিওরেন্টিনার ইতিহাসই আমাকে এখানে আসতে প্রলুব্ধ করেছে। আমি তাদের বিরুদ্ধে অনেকবার খেলেছি এবং তাদের আবেগ দেখেছি। আর তাদের অনুশীলন মাঠটি তো আমাকে রীতিমতো অবাক করেছে। তারা আমাকে একটি চমৎকার প্রজেক্টের প্রস্তাব দিয়েছিল, যা আমি কোনোভাবেই ফিরিয়ে দিতে পারিনি।
নিজের খেলার ধরণ এবং উন্নতির জায়গা নিয়ে কথা বলতে গিয়ে এই সুইডিশ উইঙ্গার বলেন, আমি মাঠে দলকে অবদান রাখতে পারি এবং আক্রমণভাগে প্রতিপক্ষের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারি। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার আরও উন্নতি করতে হবে, হয়তো আরও বেশি গোল করতে হবে এবং অ্যাসিস্ট বাড়াতে হবে। আমি নিজের জন্য কোনো নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করিনি, কেবল মাঠে দলকে সাহায্য করতেই এখানে এসেছি।
ফিওরেন্টিনায় আসার আগে তিনি ক্লাবের সাবেক ও বর্তমান কয়েকজন খেলোয়াড়ের সাথে কথা বলেছেন। এনজি জানান, আমি ফরতিনি, কোমুজ্জো এবং বিরাগীর সাথে কথা বলেছি। তারা আমাকে বলেছিল যে এটি আমার জন্য নিজের দক্ষতা দেখানোর একটি দারুণ সুযোগ। তারা এই ক্লাব সম্পর্কে অনেক ইতিবাচক কথা বলেছে, যা শুনে আমি আনন্দিত। আমি এখানে একটি বড় প্রভাব ফেলতে চাই, সমর্থকদের কাছে আমার দক্ষতা ও আবেগ তুলে রাখতে চাই। আমি আমার সামর্থ্য দিয়ে দলকে যথাসম্ভব সাহায্য করতে চাই। ফোরজা ভায়োলা!





























