জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন বর্তমানে ইতালির মেস্ত্রে শহরে অবস্থান করছেন। সেখানে এক অনাকাঙ্ক্ষিত হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন তিনি। সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এই ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
বাঁধনের ভাষ্যমতে, তিনি তার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে ঘুরতে গিয়েছিলেন। সেখানে একদল বাঙালি এসে তাকে শারীরিকভাবে হেনস্থা করে। তিনি অভিযোগ করেন, ‘সেখানে আমাদের অনেক বাঙালি ভাই এসে আমাকে ফিজিক্যালি হ্যারাস করেছে। আমার শরীরে পানি, কোক ছুড়ে মেরেছে। এতে আমি একদম ভিজে যাই।’
এ সময় তার সঙ্গে ভাইয়ের ছোট শিশুও ছিল বলে জানান অভিনেত্রী। তিনি বলেন, ‘তারা আমার শরীরে হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে। আমার কানের পাশে আঘাত করেছে।’ হামলাকারীরা তাকে জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে সম্বোধন করে বলে জানান বাঁধন। তিনি বলেন, ‘তারা বলেছে- আমি জুলাই যোদ্ধা, ইয়েস আই অ্যাম। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।’
অভিনেত্রীর অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা নিজেদের বঙ্গবন্ধুর সৈনিক দাবি করে তাকে জোরপূর্বক ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করে। সেই দৃশ্য তারা ভিডিও করে লাইভে প্রচারও করেছে। বাঁধন আরও বলেন, ‘আমি বলবো- আপনাদের এই অসংলগ্ন আচরণ থেকে আপনাদের বেরিয়ে আসা উচিৎ ছিল, আপনারা তা করতে পারেননাই। আপনারা ভেবেছেন- এভাবে করেই হয়তো পরবর্তীকালে নিজেদের জায়গাটা ফের সুগঠিত করতে পারবেন।’ তিনি এই হামলার পেছনে আওয়ামী লীগের প্রবাসী কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন।





























