যুক্তরাজ্যে স্ত্রী ও দুই মেয়েকে হত্যার ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তি দক্ষিণ আফ্রিকায় আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অপরাধের দায়ে দোষ স্বীকার করেছেন। গত জুলাই মাসে পলাতক অবস্থায় গ্রেফতার হওয়ার পর মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার একটি আদালতে তিনি এই স্বীকারোক্তি দেন।
দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় আদালতে তার মামলার কার্যক্রম শেষ হওয়ার পর তাকে যুক্তরাজ্যে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করা হবে। এদিকে যুক্তরাজ্যের প্রসিকিউটররা জানিয়েছেন, তাকে তিনটি খুনের অভিযোগে অভিযুক্ত করা হবে।
গত ৬ জুলাই লন্ডনের উত্তরের শহর বেডফোর্ডের কাছে নিজ বাড়িতে নোদাম্বো জানডিল তশুমা এবং তাদের দুই মেয়ে নাটালি (১৫) ও নালা (৫)-এর মরদেহ উদ্ধার করা হয়। তাদের সবার মাথাতেই আঘাতের চিহ্ন ছিল। পুলিশ ধারণা করছে, মরদেহ উদ্ধারের আগেই ৪ জুলাই এনদোদানা মখানিইসি তশুমা যুক্তরাজ্য ত্যাগ করে জিম্বাবুয়ে হয়ে দক্ষিণ আফ্রিকায় পালিয়ে যান।
জিম্বাবুয়ের বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তশুমাকে ইন্টারপোলের নোটিশের ভিত্তিতে ১০ জুলাই জোহানেসবার্গে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছে একটি বন্দুক ও গোলাবারুদ পাওয়া গিয়েছিল। দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, তাদের ধারণা অভিযুক্ত ব্যক্তি ওই বন্দুক দিয়ে আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন।





























