সরকারি মালিকানাধীন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) গত তিন অর্থবছরের হিসাব নিরীক্ষায় ৯ হাজার ৬৯৭ কোটি ৫০ লাখ ৭০ হাজার ৪৩৫ টাকার ভয়াবহ আর্থিক অনিয়মের তথ্য বেরিয়ে এসেছে। দেশের সবচেয়ে বড় এই পাওয়ার হাবে ৬টি ইউনিটের মাধ্যমে ১৬৪৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। ২০২২-২০২৩, ২০২৩-২০২৪ এবং ২০২৪-২০২৫ অর্থবছরের হিসাব সম্পর্কিত এই কমপ্লায়েন্স অডিট কার্যক্রম গত বছরের ২৪শে আগস্ট থেকে ২৫শে সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত হয়। এ বছরের ১৪ই জানুয়ারি বিদ্যুৎ ও জ্বালানি অডিট অধিদপ্তরের উপ-পরিচালক মো. নিজাম খান এই অডিট ইন্সপেকশন রিপোর্ট ইস্যু করেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে দেয়া চিঠিতে জানানো হয়, প্রাথমিকভাবে উত্থাপিত ৪৫টি অডিট মেমোর বিপরীতে কর্তৃপক্ষের জবাব ও প্রমাণকের ভিত্তিতে ৪৫টি অনুচ্ছেদ চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে ৩৫টি অনুচ্ছেদকে গুরুতর আর্থিক অনিয়ম (এসএফআই) এবং ১০টি অনুচ্ছেদকে সাধারণ অনিয়ম (নন-এসএফআই) হিসেবে চিহ্নিত করা হয়েছে।
গুরুতর আর্থিক অনিয়মের প্রথম অনুচ্ছেদে সাবসিডিয়ারি কোম্পানি থেকে শেয়ার ডিভিডেন্ড কম আদায় করায় ১১৪ কোটি ১ লাখ ৫ হাজার ১১ টাকার আর্থিক ক্ষতির কথা বলা হয়েছে। ২০১৩ সালে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি (এপিএসসিএল), ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানি লিমিটেড এবং ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেডের (ইউএ-ইএল) মধ্যে শেয়ার পারচেজ এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। এতে এপিএসসিএল ২৯ শতাংশ শেয়ারের মালিকানা লাভ করলেও ইউনাইটেড তাদের ঘোষিত ডিভিডেন্ডের মাত্র ৭.৫৯৩ শতাংশ শেয়ার অনুপাতে লভ্যাংশ প্রদান করে। এছাড়া অবসরপ্রাপ্ত ৬৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট ১ ও ২ বিক্রির সময় অ্যাসেট ভ্যালুয়েশনে স্যালভেজ ভ্যালু থেকে অস্বাভাবিক কম মূল্য হিসাব করায় ৪২ কোটি ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ৪৫০ মেগাওয়াট সিসিপিপি (ইস্ট) বিদ্যুৎ কেন্দ্রটিতে ২০২৩ সালের মে মাসে ফোর্স শাটডাউন হওয়ার পর ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ডের মধ্যে ত্রুটি সংশোধনে ইপিসি ঠিকাদারের পরিবর্তে কোম্পানির তহবিল থেকে ১০৯ কোটি ৬২ লাখ ৪৯ হাজার টাকা ব্যয় করা হয়েছে।
পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট সুপার থার্মাল পাওয়ার প্লান্ট প্রকল্পে ভূমি অধিগ্রহণ, উন্নয়ন ও সংরক্ষণ কাজে বিশেষায়িত প্রতিষ্ঠান না হওয়া সত্ত্বেও ঠিকাদারের সঙ্গে ডিপিএম পদ্ধতিতে চুক্তি করে ৩৯০ কোটি ৭৮ লাখ ৭২ হাজার ১১৮ টাকা অনিয়মিত ব্যয় করা হয়েছে। একই প্রকল্পে ঠিকাদারের বিলম্ব জরিমানা (এলডি) আদায় না করায় ৩৮ কোটি ৬৪ লাখ ২৯ হাজার ৪৯২ টাকা এবং কার্যসম্পাদন না করা সত্ত্বেও বিল পরিশোধ করায় ২ কোটি ২৯ লাখ ১৭ হাজার ২২৮ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ডে প্লান্টের আউটেজ আওয়ার চুক্তির শর্তের চেয়ে বেশি হওয়া সত্ত্বেও ক্ষতিপূরণ আদায় না করায় ১১১ কোটি ৫৯ লাখ ৭২ হাজার ৭৪১ টাকা এবং প্লান্টের অ্যানুয়েল ডিপেন্ডেবল ক্যাপাসিটি কম ঘোষণা করায় ৮ কোটি ৮৩ লাখ ১৩ হাজার ৬৪৯ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। অতিরিক্ত আউটেজের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় কোম্পানির রাজস্ব আয়জনিত আর্থিক ক্ষতি হয়েছে ৬৯৮ কোটি ৯২ লাখ ৪ হাজার ৭৪০ টাকা।
অডিট রিপোর্টে আরও দেখা যায়, চাহিদা ছাড়া অতিরিক্ত গ্যাস বুস্টার কম্প্রেসার ক্রয় করায় ৫৪ কোটি ৬৮ লাখ ৮৭ হাজার ৩৭১ টাকা এবং বিপিডিবি’র কাছে বিদ্যুৎ বিক্রয় বাবদ বকেয়া নির্ধারিত সময়ে আদায় না করায় ৫ হাজার ৬৬০ কোটি ২৯ লাখ ২৭ হাজার ২৪৮ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। গ্যাস কনসাম্পশন অনুসারে বিল না করে বিপিডিবি থেকে নির্ধারিত হিট রেট অনুসারে বিল আদায় করায় ৬৩ কোটি ৮১ লাখ ৩৫ হাজার ৬২০ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া সরকারি শেয়ার মালিকানা বাবদ ডিভিডেন্ড পরিশোধ না করায় ৩ কোটি ৮ লাখ ৪৯ হাজার ৬৪৫ টাকা, পিপিএ শর্তানুযায়ী বীমা না করায় ১৪ কোটি ৭৯ লাখ ১০ হাজার ১২৫ টাকা এবং অর্থ বিভাগের ছাড়পত্র ছাড়া ডিপিপি প্রণয়ন না করেই ২ কোটি ৭৯ লাখ ৯৪ হাজার ৪৫৯ টাকা অনিয়মিত ব্যয় করা হয়েছে। প্লান্ট বন্ধ থাকা সত্ত্বেও কর্মচারীদের ওভারটাইম প্রদান করায় ১ কোটি ৬১ লাখ ৩১ হাজার ১৭ টাকা এবং আবাসিক স্থাপনায় একক মিটারের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করায় ৯ কোটি ৪৮ লাখ ৪৪ হাজার ৮২৭ টাকার অনিয়মিত ব্যয় হয়েছে।
বিভিন্ন কর্মকর্তাকে প্রদত্ত সাময়িক আগাম সমন্বয় না করায় ৭ কোটি ৯২ লাখ ৮০ হাজার ৯৮১ টাকা, দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় কমিটি গঠন না করে দরপত্র প্রস্তুত করায় ৯৬ কোটি ৪৭ লাখ ৬১ হাজার ৯৯১ টাকা এবং অবসর ঘোষিত প্লান্টের জন্য মালামাল ক্রয় করায় ২০ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪৭৫ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া প্রাক্কলিত মূল্যের চেয়ে নিম্নদরে কার্যাদেশ প্রদান করায় ৩ কোটি ৬৫ লাখ ৪৬ হাজার ৮৮২ টাকা, ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ডে পারফরম্যান্স গ্যারান্টি বাজেয়াপ্ত না করায় ১৪৮ কোটি ৪৬ লাখ ৬৮ হাজার ৮৯১ টাকা এবং নিলামে সর্বোচ্চ দরদাতাকে বিক্রয়াদেশ না দেয়ায় ২৪ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। নিলামের বিলম্ব জরিমানা আদায় না করায় ১ কোটি ৮৭ লাখ টাকা, আউটসোর্সিং কর্মচারীদের বেতন ঠিকাদারকে পরিশোধ করায় ৭ কোটি ৩২ লাখ ৩২ হাজার ৭১৫ টাকা, অফিস ভাড়া বাবদ ১৬ লাখ ৬৫ হাজার ৯৬৬ টাকা, প্রাধিকারের অতিরিক্ত জ্বালানি ব্যবহারে ৩১ লাখ ৭০ হাজার ৪৪০ টাকা এবং ‘কাজ নাই মজুরি নাই’ ভিত্তিতে ৭ কোটি ২০ লাখ ৩৯ হাজার ৩২৯ টাকা অনিয়মিত ব্যয় হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, পটুয়াখালী প্লান্টে আরডিপিপি মোতাবেক কাজ না করেই সমাপ্তি ঘোষণা, মালামাল সরবরাহ না করেও বিল পরিশোধে ২২ লাখ ৮১ হাজার ৫৪৯ টাকা এবং এলটিএস চুক্তির বিপরীতে মালামাল না পেয়েও ৮৪ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ৩৫৪ টাকা পরিশোধ করা হয়েছে। কন্ট্রিবিউটরি প্রভিডেন্ড ফান্ডে অতিরিক্ত কন্ট্রিবিউশন প্রদান করায় ২ কোটি ৭৫ লাখ ৭৯ হাজার ৯৪৮ টাকা এবং কম বাসা ভাড়া আদায় করায় ১ কোটি ২৩ লাখ ৯৮ হাজার ৪০০ টাকার ক্ষতি হয়েছে। গুরুতর আর্থিক অনিয়মে জড়িত মোট টাকার পরিমাণ ৭ হাজার ৬৯৭ কোটি ১১ লাখ ৭০ হাজার ৮৩৪ টাকা। সাধারণ অনিয়মের মধ্যে পটুয়াখালী প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি ছাড়া ডিপিপি প্রণয়নে ৬৩৭ কোটি ২ লাখ ৬৩ হাজার টাকা, প্লান্ট চালু না রাখায় ৮২ কোটি ১৯ লাখ টাকা, অব্যবহৃত গ্যাস বুস্টার কম্প্রেসার হিসাবভুক্ত না করায় ৫৪ কোটি ৬১ লাখ ৮৭ হাজার ৩৭১ টাকা, উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও কম বিদ্যুৎ উৎপাদনে ৮ হাজার ৬৮৬ কোটি ৬২ লাখ ৪৬ হাজার ৬২৭ টাকা, ভূমি বেদখল, পিপিআর ২০০৮ লঙ্ঘন করে আরএফকিউ পদ্ধতিতে অতিরিক্ত ব্যয়, তৃতীয় পক্ষকে জমি লিজ প্রদান, ভাড়াকৃত গাড়ি ব্যবহার এবং বাসা ভাড়া বাবদ কোম্পানির আর্থিক ক্ষতি হয়েছে।
এসব বিষয়ে বক্তব্য জানতে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. সানাউল হক এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সাথে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। তবে কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সবুর হোসেন জানান, অডিট রিপোর্টের অসঙ্গতিগুলো নিয়ে তিনি বিস্তারিত জানেন না। তিনি বলেন, ইউনাইটেড পাওয়ারের শেয়ার সংক্রান্ত বিষয়টি তার নজরে আছে এবং তিনি দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে কাজ করছেন। তিনি অডিট রিপোর্টের অনিয়মগুলো নিয়ে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার আশ্বাস দিয়েছেন।
প্লান্টের উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও কম বিদ্যুৎ উৎপাদন করায় কোম্পানির আর্থিক ক্ষতি ৮৬৮৬ কোটি ৬২ লাখ ৪৬ হাজার ৬২৭ টাকা। তদারকির অভাবে কোম্পানির জন্য বরাদ্দকৃত জমিতে অনিয়মিতভাবে বহিরাগত প্রতিষ্ঠানের তেলের ডিপো নির্মাণ করে ভূমি বেদখল করা হয়েছে। পিপিআর, ২০০৮-এর শর্ত পরিপালন না করে আরএফকিই পদ্ধতিতে নির্ধারিত বাৎসরিক সিলিং সীমার অতিরিক্ত অনিয়মিত ব্যয় ব্যয় ১ কোটি ১৬ লাখ ১৯ হাজার ৭১৮ টাকা।





























