ফিলিপাইনের পশ্চিমাঞ্চলে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া একটি যাত্রীবাহী ফেরি থেকে উদ্ধার হওয়া ৩০টি মরদেহ শনাক্তকরণের জন্য শনিবার বন্দরে নিয়ে আসা হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে ঘটে যাওয়া এই ভয়াবহ নৌ-দুর্ঘটনায় অন্তত ৩৫ জন প্রাণ হারিয়েছেন এবং এখনও ৫০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
কোস্ট গার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, পুড়ে যাওয়া ‘এমভি জুন অ্যাস্টার’ ফেরির ভেতরে এখনও বেশ কিছু মরদেহ আটকে রয়েছে এবং সেগুলো উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। তবে ভেতরে ঠিক কতটি মরদেহ রয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সংখ্যা জানায়নি কর্তৃপক্ষ। দুর্ঘটনার সময় নৌযানটিতে থাকা ১৩২ জনের মধ্যে মাত্র ৪৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
ফেরিটি রাজধানী ম্যানিলা থেকে যাত্রা শুরু করেছিল। গত বুধবার সন্ধ্যায় যখন এতে আগুন লাগে, তখন এটি তার গন্তব্য করন বন্দর থেকে মাত্র ৩৯ কিলোমিটার (২৪ মাইল) দূরে তুরদা গ্রামের কাছাকাছি অবস্থান করছিল। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বেঁচে যাওয়া এক যাত্রী জানান, জাহাজের মালামাল রাখার স্থান (কার্গো হোল্ড) থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি প্রথমে একটি বিস্ফোরণের শব্দ শোনেন এবং এরপরই বাতাস ও ঝড়ের তীব্রতায় আগুন ও ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে।
পালাওয়ান প্রদেশের করন এলাকার বোরাক বন্দরে তাঁবু খাটানো হয়েছে, যেখানে পুড়ে যাওয়া ফেরি থেকে আনা মরদেহবাহী ব্যাগগুলো নামানো হয়। কোস্ট গার্ড জানিয়েছে, মরদেহগুলো শনাক্তকরণের জন্য প্রাদেশিক ফরেনসিক ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর নোয়েমি কায়াবিয়াব জানিয়েছেন, তারা জাহাজটির ক্যাপ্টেনের সন্ধান করছেন। জানা গেছে, ক্যাপ্টেন জীবিত রক্ষা পেলেও বেঁচে যাওয়া ব্যক্তিদের সরকারি তালিকায় তার নাম নেই। ক্যাপ্টেন ও ক্রুদের কোনো অবহেলা ছিল কি না এবং সামুদ্রিক নিরাপত্তা আইন লঙ্ঘন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে একাধিক সংস্থার সমন্বয়ে একটি অপরাধ তদন্ত শুরু হয়েছে।
কায়াবিয়াব আরও জানান, বেঁচে যাওয়া যাত্রীরা বলেছেন ঘটনাটি এত দ্রুত ঘটেছে যে লাইফ জ্যাকেট নেওয়ারও সময় পাননি তারা। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য জাহাজের খোলা অংশগুলোতে যে টারপলিন বা ত্রিপল টাঙানো ছিল, তা যাত্রীদের ভেতরে আটকে পড়ার পেছনে ভূমিকা রেখে থাকতে পারে, তবে তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তদন্তকারীরা এটিও খতিয়ে দেখছেন যে জরুরি অগ্নিনির্বাপণ প্রোটোকল মানা হয়েছিল কি না, ক্যাপ্টেন কোনো সতর্কবার্তা বা নির্দেশনা দিয়েছিলেন কি না এবং ক্রুরা যাত্রীদের সাহায্য করেছিলেন কি না।
কোস্ট গার্ডের প্রকাশ করা ছবিতে জাহাজের ভেতরের পুড়ে যাওয়া অংশ, মানুষের অবশিষ্টাংশ, ছাই এবং একটি গাড়িসহ পুড়ে যাওয়া লোহালক্কড় দেখা গেছে। বেঁচে যাওয়া যাত্রী আর্নুলফো নক্কি ভিলানুয়েভা স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার পর জাহাজের ভেতরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মানুষ আতঙ্কে একে অপরকে মাড়িয়ে পালাচ্ছিল, যার ফলে তিনি লাইফ জ্যাকেট সংগ্রহ করতে পারেননি।
নিখোঁজ ২০ বছর বয়সী এক তরুণীর মা লিরা ডাকো তার ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, তার মেয়ে জীবন্ত পুড়ে মারা গেছে—এই চিন্তা তাকে প্রতিনিয়ত তাড়া করছে। তাছাড়া পুড়ে যাওয়া মরদেহের মধ্য থেকে নিজের মেয়েকে শনাক্ত করা কতটা কঠিন হবে, তা ভেবে তিনি শিউরে উঠছেন।
জাহাজের তালিকা বা ম্যানিফেস্ট অনুযায়ী, নৌযানটিতে ১১৭ জন যাত্রী এবং ১৭ জন ক্রুসহ মোট ১৩৪ জন থাকার কথা ছিল। ৫৩ মিটার (১৭৪ ফুট) দৈর্ঘ্যের এই ফেরিটির ধারণক্ষমতা ছিল ৩০৬ জন যাত্রী ও ২৭ জন ক্রু। তবে তালিকায় থাকা দুই যাত্রী শেষ মুহূর্তে জাহাজে ওঠেননি বলে কোস্ট গার্ডকে নিশ্চিত করেছেন।
জাহাজের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘আতিয়েঞ্জা ইন্টারআইল্যান্ড ফেরিস ইনকর্পোরেটেড’-এর কর্মকর্তা রেচেল কনসারম্যান জানান, বেঁচে যাওয়া ব্যক্তিদের মধ্যে চিলির দুই পর্যটক রয়েছেন। কোস্ট গার্ড জানিয়েছে, ওই দুই বিদেশি নাগরিক ইতিমধ্যেই করন ত্যাগ করেছেন এবং তাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শিপিং কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দিচ্ছে এবং নিখোঁজদের সন্ধান ও আগুনের কারণ উদ্ঘাটনে কোস্ট গার্ডের সঙ্গে কাজ করছে।
ফিলিপাইনের দ্বীপপুঞ্জে যাতায়াতের জন্য ফেরি অত্যন্ত জনপ্রিয় মাধ্যম। তবে ঝড়ঝঞ্ঝা, দুর্বল রক্ষণাবেক্ষণ, অতিরিক্ত যাত্রী বহন এবং নিরাপত্তা বিধিমালার সঠিক প্রয়োগ না হওয়ায় সেখানে প্রায়ই নৌ-দুর্ঘটনা ঘটে থাকে। এর আগে ১৯৮৭ সালে ফিলিপাইনে তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে ‘ডোনা পাজ’ নামের একটি ফেরি ডুবে যায়, যাতে ৪ হাজার ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। শান্তিকালীন সময়ে এটিই বিশ্বের সবচেয়ে বড় নৌ-দুর্ঘটনা হিসেবে পরিচিত।




























