প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২০: ০৯
মালয়েশিয়ার শ্রমবাজারে সাধারণ কর্মীদের প্রতারণা ও দালাল চক্রের হাত থেকে রক্ষা করতে কঠোর অবস্থান নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ইতিমধ্যে অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে 'ত্রিপল এ ওভারসিজ' নামের একটি এজেন্সির অফিস সিলগালা ও জরিমানা করার পাশাপাশি তিন বাক্স পাসপোর্ট জব্দ করা হয়েছে।
গত বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদের কাছে অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাবেক সদস্যরা একটি স্মারকলিপি প্রদান করেন। পরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সচিব জানান, বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে এবং সরকার এই বাজারটি সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে। এই সুযোগে কোনো মধ্যস্বত্বভোগী যেন সাধারণ কর্মীদের থেকে ফায়দা লুটতে না পারে, সে বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
সচিব মো. মোখতার আহমেদ আরও উল্লেখ করেন যে, ঠিক কোন সুনির্দিষ্ট প্রশাসনিক প্রক্রিয়ায় মালয়েশিয়ায় জনশক্তি পাঠানো শুরু হবে, তা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে নিশ্চিত ও সঠিক তথ্য যথাসময়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানানো হবে।
এদিকে স্মারকলিপি দেওয়ার সময় বায়রার সাবেক প্রতিনিধিরা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর ক্ষেত্রে ছয়টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো—
তালিকাভুক্ত ৩১২টি এজেন্সিসহ সব বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সিকে সমান সুযোগ দেওয়া।সিন্ডিকেট ও একচেটিয়া আধিপত্যের অবসান ঘটানো।অভিবাসন ব্যয় উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা।নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা।সব যোগ্য মেডিকেল সেন্টারকে উন্মুক্ত করা।বোয়েসেলের মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস চালু করা।




























