দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পূর্বে কেম্পটন পার্ক এলাকায় গত দুই মাসে আটজন নারীর মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। এই ঘটনাগুলো দেশজুড়ে তীব্র ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি করেছে। একই সঙ্গে দেশটিতে নারী হত্যা বা 'ফেমিসাইড' এবং ক্রমবর্ধমানসহিংস অপরাধের চিত্রকে নতুন করে সামনে এনেছে। ঘটনা তদন্তে নেমেছে পুলিশের উচ্চপর্যায়ের একটি দল।
গটেং প্রদেশের পুলিশ কমিশনার ফ্রেড কেকানা জানিয়েছেন, উদ্ধার হওয়া মরদেহগুলোর ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে এখনই একে কোনো একক ব্যক্তি বা সিরিয়াল কিলারের কাজ বলে চূড়ান্ত মন্তব্য করতে রাজি নন তিনি। কেকানা বলেন, "তদন্তকারীরা একাধিক সন্দেহভাজন বা ভিন্ন ভিন্ন অপরাধীর সংশ্লিষ্টতাসহ সব ধরনের সম্ভাবনাই খতিয়ে দেখছেন। কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে পুলিশ প্রতিটি ঘটনার প্রমাণ, সময়কাল, স্থান, ভুক্তভোগীদের প্রোফাইল এবং পারিপার্শ্বিক পরিস্থিতি তুলনা করে দেখছে।"
তবে পুলিশ কমিশনার এটিও স্বীকার করেছেন যে, লাশগুলো উদ্ধারের স্থানগুলোর সাদৃশ্য এবং কাছাকাছি অবস্থান বেশ উদ্বেগজনক। প্রথম পাঁচটি লাশ যেখানে পাওয়া গিয়েছিল, সেই কেম্পটন পার্ক থেকে যথাক্রমে প্রায় ২৫ কিলোমিটার (১৫ মাইল) দূরে ওলিফ্যান্টসফন্টেইন এবং ৩৪ কিলোমিটার (২১ মাইল) দূরে কোয়া-থেমা এলাকায় সম্প্রতি বাকি মরদেহগুলো উদ্ধার করা হয়। কেকানা বলেন, তদন্ত এখনো চলমান এবং পুলিশ আনুষ্ঠানিকভাবে এটিকে কোনো সিরিয়াল কিলারের কাজ বলে নিশ্চিত না করলেও, ঘটনার ধরনগুলোর মিল যথেষ্ট উদ্বেগজনক। সে কারণেই পুলিশ জনগণকে সতর্ক করার পাশাপাশি তদন্ত জোরদার করেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত বুধবার নাগাদ ভুক্তভোগীর সংখ্যা দাঁড়িয়েছে আটজনে। নিহত নারীদের সবার বয়স ২০ থেকে ৩৮ বছরের মধ্যে। উদ্ধারের সময় তাদের সবার শরীরেই আঘাতের চিহ্ন ছিল এবং তারা সম্পূর্ণ বা আংশিক বিবস্ত্র অবস্থায় ছিলেন।
প্রথম লাশটি উদ্ধার করা হয় গত ১৭ জুলাই। ওই নারীকে কেবল টাই দিয়ে বেঁধে বিবস্ত্র অবস্থায় ফেলে রাখা হয়েছিল। এই ঘটনায় নিহতের প্রেমিককে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
নিহতদের মধ্যে ৩৮ বছর বয়সী দৌড়বিদ এলিজাবেথ "তসোন্তসো" মোসেলাকগোমো রয়েছেন, যিনি গত সপ্তাহে নিখোঁজ হয়েছিলেন। প্রতিদিনের মতো বিকেলে দৌড়াতে গিয়ে তিনি আর ফিরে আসেননি। তার ৮ বছর বয়সী মেয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে নিখোঁজের ডায়েরি করা হয় এবং কয়েক দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া গত মঙ্গলবার ওলিফ্যান্টসফন্টেইন থেকে উদ্ধার হওয়া অপর এক নারীর দেহটি সম্পূর্ণ নগ্ন এবং পচন ধরা অবস্থায় পাওয়া যায়। নিহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী নারীর বয়স ২০ বছর।
এই নৃশংস হত্যাকাণ্ডগুলো দক্ষিণ আফ্রিকায় নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ ও প্রতিবাদের ঝড় তুলেছে। জাতিসংঘের লিঙ্গ সমতা বিষয়ক সংস্থার তথ্য অনুসারে, বিশ্বে নারী হত্যার (ফেমিসাইড) হার সবচেয়ে বেশি যেসব দেশে, তার মধ্যে দক্ষিণ আফ্রিকা অন্যতম। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার একটি থিংক ট্যাংকের গবেষণায় দেখা গেছে, দেশটির ৩৫ শতাংশেরও বেশি প্রাপ্তবয়স্ক নারী জীবনের কোনো না কোনো সময়ে শারীরিক বা যৌন সহিংসতার শিকার হয়েছেন।





























