ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পারাইবা রাজ্যের একটি বনাঞ্চল থেকে অন্তত ১৬টি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এক সন্দেহভাজন সিরিয়াল কিলারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার টানা ৩০ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে তাকে যখন গ্রেপ্তার করা হয়, তখন তিনি নারীর ছদ্মবেশ ধারণ করে কোলে একটি শিশু নিয়ে পালাচ্ছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ (O Globo) প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, ৩৩ বছর বয়সী ওই সন্দেহভাজন স্ট্রাইপযুক্ত একটি পোশাক (ড্রেস), কালো পরচুলা, নারীর স্যান্ডেল এবং রোদচশমা পরেছিলেন, এমনকি তার নখগুলোও রাঙানো ছিল। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার এড়াতে তিনি এই ছদ্মবেশ ধারণ করেছিলেন। ব্রাজিলের সংবাদমাধ্যম রেকর্ড আর৭ (Record R7) জানিয়েছে, কর্তৃপক্ষ তাকে জোরলান লোপেস দা সিলভা (Jorlan Lopes da Silva) হিসেবে শনাক্ত করেছে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি ৮০টি হত্যাকাণ্ডে জড়িত থাকার দাবি করলেও পুলিশ এখন পর্যন্ত ১৬টি হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা নিশ্চিত করেছে। এর মধ্যে ১১টি হত্যাকাণ্ডের কথা তিনি নিজেই স্বীকার করেছেন। গত মে মাস থেকে এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে, তবে নিহতদের পরিচয় বা বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। ব্রাজিলের আইন অনুযায়ী, দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড হতে পারে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি (AFP) কর্তৃক প্রাপ্ত একটি জিজ্ঞাসাবাদ ভিডিওতে সিলভা দাবি করেন, তিনি কোনো অপরাধী চক্রের সঙ্গে জড়িত নন এবং একাই এসব হত্যাকাণ্ড ঘটিয়েছেন। নিজেকে "সাইকোপ্যাথ" বা মানসিক বিকারগ্রস্ত হিসেবে অস্বীকার করে তিনি বলেন, তার সব শিকারই "অপরাধ জগতের সঙ্গে যুক্ত" ছিল এবং নিজের ও পরিবারের ওপর হুমকির জবাবে তিনি নিজেই আইন নিজের হাতে তুলে নিয়েছিলেন। তিনি আরও দাবি করেন, মাত্র ১৩ বছর বয়সে তিনি প্রথম হত্যাকাণ্ডটি ঘটিয়েছিলেন। তার ভাষ্য ছিল, "আমি কখনোই কোনো সংসারী মানুষ, মা বা কর্মজীবী মানুষের ক্ষতি করিনি।"
এর কয়েক সপ্তাহ আগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর সিলভা একবার গ্রেপ্তারের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হন। পুলিশ তাকে একটি "অতি-সহিংস" অপরাধী চক্রের সদস্য হিসেবে বিবেচনা করে। সংবাদমাধ্যম আইজি উলতিমো সেগুন্দোর (iG Último Segundo) তথ্য অনুযায়ী, ওই আগের অভিযানের সময় পুলিশ বুলেটপ্রুফ ভেস্ট, একটি সাব-মেশিনগানের স্টক এবং ১০০ রাউন্ডেরও বেশি গুলি জব্দ করেছিল, যা সিলভা নিজের বলে স্বীকার করেছেন। সেই অভিযানে আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। উল্লেখ্য, এই হত্যাকাণ্ডগুলো যেখানে ঘটেছে সেই মুলুঙ্গু (Mulungu) অঞ্চলটি রিও ডি জেনিরো থেকে প্রায় ১,৫৫৩ মাইল উত্তরে অবস্থিত।




























