সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ তার গ্রামের বাড়ি শ্যামনগরের গাবুরা ইউনিয়নের সরদারপাড়ায় পৌঁছানোর অপেক্ষায় স্বজনরা। মরদেহ বাড়িতে পৌঁছালে দ্রুততম সময়ের মধ্যে জানাজা ও দাফন সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি শেষ করা হয়েছে। সোমবার সন্ধ্যার আগেই বাড়ির সামনে পারিবারিক কবরস্থানে কবর খোঁড়ার কাজ সম্পন্ন করা হয়েছে। মরদেহের সঙ্গে আসা স্বজনদের জন্য খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।
মরদেহের সঙ্গে থাকা স্বজনদের তথ্য অনুযায়ী, অ্যাম্বুলেন্সটি পদ্মা সেতু হয়ে খুলনার কয়রা দিয়ে গাবুরার পথে রয়েছে। কয়রা থেকে খেয়াঘাট পার হয়ে ট্রলারে করে মরদেহ বাড়িতে পৌঁছাতে রাত ১২টা নাগাদ সময় লাগতে পারে। মরদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গে গোসল, জানাজা ও দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন মরহুমার চাচি মুন্নী খাতুন। তার স্বামী মিলন সরদার প্রবাসে থাকায় তিনিই বর্তমানে দাফন ও সার্বিক প্রস্তুতির দায়িত্ব পালন করছেন। বাড়ির ভেতরে শোকের পরিবেশ বিরাজ করছে এবং স্বজনরা মরদেহের অপেক্ষায় প্রহর গুনছেন।
উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম এবং মরিয়মের মামা ওবায়দুল রহমানকে আসামি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে, তবে ওবায়দুল পলাতক রয়েছেন।































