রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আসা পারমাণবিক জ্বালানি শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। প্রকল্পসংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, জ্বালানি পরিবহনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। মূলত বৃহস্পতিবার দেশে আসার কথা থাকলেও বিশেষ কারণে তা একদিন পিছিয়ে শুক্রবার দুপুরের দিকে সময় পুনর্নির্ধারণ করা হয়েছিল। তবে সবশেষে তা শুক্রবার রাতে পৌঁছানোর সূচি চূড়ান্ত হয়েছে।
প্রকল্পের সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, অত্যন্ত স্পর্শকাতর এই জ্বালানি বিশেষ কার্গো বিমানে করে আনা হচ্ছে। কার্গো বিমানটি কাজাখস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে আসার পরিকল্পনা রয়েছে। বিমানবন্দরে পৌঁছানোর পর শনিবার কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে বিশেষ ব্যবস্থায় তা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রসাটম জানিয়েছে, ডিসেম্বরের মধ্যেই জ্বালানি সরবরাহের পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।
চুক্তি অনুযায়ী, রূপপুরের প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি—মোট নয়টি কার্গোতে এই জ্বালানি আনা হচ্ছে। রাশিয়ার পক্ষ থেকে প্রথম তিন বছর জ্বালানি সরবরাহ করা হবে এবং এরপর বাংলাদেশকে তা নিজস্ব ব্যবস্থাপনায় আমদানি করতে হবে। রূপপুরের প্রথম ইউনিটে ইতোমধ্যে জ্বালানি লোড করা হয়েছে, তবে প্রায় দেড় বছর পর এর এক-চতুর্থাংশ পরিবর্তন করার প্রয়োজন হবে বিধায় আগাম জ্বালানি আনা হচ্ছে।
বিদ্যুৎকেন্দ্রের সামগ্রিক বিষয়ে এনপিসিবিএলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের সময়সূচি সেফটি ভালভে ত্রুটির কারণে কিছুটা পিছিয়েছিল। তবে বুধবার সেই ত্রুটি সফলভাবে মেরামত করা হয়েছে। এখন বিদ্যুৎ উৎপাদন শুরু করার আগে আরও কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন করা হবে। এসব পরীক্ষায় সফল হলে প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। পাশাপাশি প্রকল্পটির দ্বিতীয় ইউনিটের নির্মাণ ও কমিশনিং কার্যক্রমও চলমান রয়েছে।
পরে শনিবার(৩ অক্টোবর) কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে বিশেষ ব্যবস্থায় তা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।





























