প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ট্রাকিং এবং কৃষিখাতের জন্য ডিজেল জ্বালানিতে সাময়িকভাবে কর ছাড়ের নির্দেশ দিয়েছেন। ৫ অক্টোবর নেব্রাস্কার গ্র্যান্ড আইল্যান্ডে এক জনসভায় তিনি এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। বছরের শেষ পর্যন্ত এই আদেশের মাধ্যমে তথাকথিত 'রেড ডাই' ডিজেল জ্বালানির ওপর থেকে আবগারি শুল্ক সংগ্রহের বিষয়টি স্থগিত রাখা হবে। সাধারণত কৃষি বা অফ-রোড ব্যবহারের জন্য ব্যবহৃত এই জ্বালানি ফেডারেল হাইওয়ে কর থেকে মুক্ত থাকে।
ট্রাম্প দাবি করেছেন, এই আদেশের ফলে ট্রাক চালকরা প্রতিবার জ্বালানি নেওয়ার সময় গড়ে ১০০ ডলার সাশ্রয় করবেন এবং কৃষকদের সাশ্রয় হবে কয়েক মিলিয়ন ডলার। হোয়াইট হাউসের সহযোগী নাটালি হার্পের কাছ থেকে আদেশনামাটি গ্রহণ করে ট্রাম্প জনসভায় উপস্থিত দর্শকদের সামনে তা স্বাক্ষর করেন। তিনি আশা প্রকাশ করেন যে, ট্রাকিংয়ের খরচ কমে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সব ধরনের জিনিসের দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
তবে জ্বালানির উচ্চমূল্য নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাসের একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এএএ (AAA)-এর তথ্য অনুযায়ী, ১১ সেপ্টেম্বর প্রথমবারের মতো ডিজেলের দাম প্রতি গ্যালন ৬ ডলার ছাড়িয়ে যাওয়ার পর ৫ অক্টোবর তা গড়ে ৬.৩২ ডলারে দাঁড়িয়েছে। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের মতে, ডিজেলের ওপর ফেডারেল আবগারি শুল্ক প্রতি গ্যালন ২৪.৩ সেন্ট এবং অঙ্গরাজ্যগুলোর গড় কর ৩৫.৫ সেন্ট। এই ফেডারেল কর মূলত হাইওয়ে ট্রাস্ট ফান্ডের মাধ্যমে রাস্তা নির্মাণ ও গণপরিবহন খাতে বিনিয়োগ করা হয়।
গ্যাসবাডির পেট্রোলিয়াম বিশ্লেষণ বিভাগের প্রধান প্যাট্রিক ডি হান জানিয়েছেন, এই পদক্ষেপ ট্রাক চালকদের জন্য কিছুটা সহায়ক হলেও কৃষকদের জন্য খুব একটা কাজে আসবে না, কারণ তারা ইতিমধ্যেই এই ধরনের জ্বালানি ব্যবহারের সুযোগ পান। তিনি আরও উল্লেখ করেন, সমস্যার মূল কারণ কর নয়, বরং সরবরাহ সংকট।
এর আগে ২ অক্টোবর ইউরোপীয় দেশগুলো বৈশ্বিক জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে তাদের মজুদ থেকে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়ার ঘোষণা দেয়। সিআইবিসি প্রাইভেট ওয়েলথের জ্যেষ্ঠ ইকুইটি ট্রেডার রেবেকা বাবিনের মতে, মজুদ থেকে জ্বালানি ছাড়লে যুক্তরাষ্ট্রে সাময়িক স্বস্তি মিলতে পারে, তবে দীর্ঘমেয়াদে এর প্রভাব সীমিত হতে পারে।
সেপ্টেম্বরে ট্রাম্প ডিজেল রপ্তানির ওপর সাময়িক নিষেধাজ্ঞার পক্ষে মত দিলেও ২ অক্টোবর হোয়াইট হাউসে সাংবাদিকদের জানান, ইউরোপের দেশগুলো জ্বালানি বাজারে বড় অবদান রাখতে যাচ্ছে, তাই বর্তমানে রপ্তানি নিষেধাজ্ঞার কোনো পরিকল্পনা নেই।



























