ডব্লিউডব্লিউই হল অফ ফেমার পল হেইম্যান সম্প্রতি তার ফ্যাশন বা পোশাক নির্বাচনের কারণ ব্যাখ্যা করেছেন। ৬১ বছর বয়সী এই অভিজ্ঞ রেসলিং ব্যক্তিত্ব 'ইন ডেপথ উইথ গ্রাহাম বেনসিঙ্গার' পডকাস্টে অংশ নিয়ে নিজের চরিত্রের বাইরে এসে খোলামেলা কথা বলেন। কেন তিনি প্রায় সব সময় স্যুটে থাকেন—এমন প্রশ্নের জবাবে তিনি তার স্বভাবসুলভ তীক্ষ্ণ উত্তর দেন।
পল হেইম্যান জানান, এটি এমন একটি বিষয় যা রেসলিং ভক্তরা তার কাছে প্রত্যাশা করেন। তিনি চান না যে, কখনো কোনো দোকানে হাফপ্যান্ট বা স্যান্ডেল পরা অবস্থায় তার ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ুক। তিনি বলেন, 'মানুষ আমার কাছে এটাই আশা করে। আমি যখন স্থানীয় কোনো দোকানে কেনাকাটা করতে যাই, তখন হাফপ্যান্ট ও ছেঁড়া টি-শার্ট পরা অবস্থায় কেউ আমাকে দেখে সেলফি তুলতে চাইলে আমি না বলতে পারি না। আর সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে ভক্তরা আমাকে যে রূপে দেখতে অভ্যস্ত, তা নষ্ট হতে পারে।'
হেইম্যান আরও বলেন যে, তিনি ভক্তদের সেই 'দ্য ওয়াইজ ম্যান' বা বিজ্ঞ পরামর্শদাতার ভাবমূর্তি থেকে বঞ্চিত করতে চান না। ভক্তরা তাকে সবসময় এই বিশেষ পোশাকেই কল্পনা করে এবং তিনি সেই প্রত্যাশা পূরণ করাকেই গুরুত্ব দেন। তার মতে, এই পোশাকটি তাকে অভিনয়ের ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করতে সহায়তা করে।
এদিকে, সম্প্রতি 'বাস্টেড ওপেন' পডকাস্টে ডব্লিউডব্লিউই র (RAW) তারকা লোলা ভাইস জানিয়েছেন যে, তিনি ব্যাকস্টেজ পরামর্শের জন্য অনেকের মতোই পল হেইম্যানের সহায়তা নেন। সাবেক এনএক্সটি নারী চ্যাম্পিয়ন লোলা ভাইস বলেন, হেইম্যানের মতো ব্যক্তিত্বের অধীনে কাজ করা বা তাকে পরামর্শক হিসেবে পাওয়াটা হবে আইকনিক এবং বিশেষ কিছু। ভবিষ্যতে এই দুই তারকাকে ডব্লিউডব্লিউই-এর পর্দায় একসঙ্গে দেখা যাবে কি না, তা সময়ই বলে দেবে।




























