প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২১ পিএম। সংসদ অধিবেশন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন। তিনি পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা এবং পরিবেশ সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। সরকার স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল শিক্ষা কার্যক্রম চালু করছে এবং নবম শ্রেণি থেকে এটি বাধ্যতামূলক করা হয়েছে।
বহুভাষায় দক্ষ হওয়ার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী জানান, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে আরও একটি ভাষা শিখতে হবে। এর জন্য ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করে প্রধানমন্ত্রী পরামর্শ দেন, প্রিয়জনদের জন্মদিনে গাছ উপহার দেওয়ার জন্য। তিনি বলেন, বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে, যা আমাদের সবার জন্য কল্যাণকর। মানুষ সৃষ্টির সেরা জীব উল্লেখ করে তিনি বলেন, প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল হতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন, খেলাধুলা, ভাষা শিক্ষা এবং সামাজিক দায়িত্ব পালনের মানসিকতা গড়ে তুললে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।
সংসদ ভবন পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা সেখানে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। এছাড়া তারা সংসদের লাইব্রেরি পরিদর্শন করেন এবং উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।



























