পাবনার বেড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর পরপরই পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়ি ভাঙচুর করে আগুন দেওয়া হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে বেড়া পৌরসভার বৃশালিখা ও মডেল থানা সংলগ্ন এলাকায় এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৃশালিখা এলাকা থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আকস্মিক একটি মিছিল বের করেন। মিছিলটি বেড়া মডেল থানার সামনে গিয়ে অবস্থান নেয় এবং 'জয় বাংলা'সহ বিভিন্ন স্লোগান দেয়। এ সময় থানায় ভাঙচুরের চেষ্টার অভিযোগ ওঠে। ঘটনাটির একটি ভিডিও চিত্র 'পাবনা জেলা ছাত্রলীগ' নামের একটি ফেসবুক পেজে প্রচার করা হয়।
খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিছিলকারীদের ধাওয়া দিলে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হয় এবং একপর্যায়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরবর্তীতে রাত ৮টার দিকে বেড়া পৌর বিএনপির পক্ষ থেকে ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হলে দুই পক্ষের মধ্যে নতুন করে একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষ থামার পরপরই সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়িটিতে ভাঙচুর চালায় এবং ভবনের ভেতরে ও পাশে থাকা দু-একটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। তবে এ অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পেছনে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পরিস্থিতি নিয়ে বেড়া পৌর ছাত্রদলের সদস্যসচিব মানিক হোসেন জানান, ফ্যাসিবাদীদের কোনো ধরনের সুযোগ দেওয়ার অবকাশ নেই এবং যেখানেই তাদের পাওয়া যাবে, সেখান থেকে ধরে পুলিশের হাতে সোপর্দ করতে হবে।
এদিকে থানা ঘেরাওয়ের দাবি অস্বীকার করে বেড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশিদুল ইসলাম জানান, মিছিলটি থানা সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় ফটকের সামনে কিছুক্ষণ স্লোগান দিয়েছিল, তাই এটাকে থানা ঘেরাও বলা যুক্তিযুক্ত নয়। অন্যদিকে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার জানান, তারা ঘটনার সময় বাইরে ছিলেন এবং থানা ঘেরাওয়ের মতো তথ্য তাদের জানা নেই। তবে সাবেক ডেপুটি স্পিকারের বাড়ির পাশে খড়ের গাদায় দুর্বৃত্তদের আগুন দেওয়ার খবর নিশ্চিত করেন তিনি। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষতির সুনির্দিষ্ট বিবরণ জানা যায়নি।


























