ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে ক্যাসিনো কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাতে ভুল্লি থানা এলাকার শুকানপুকুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শ্যামল রায় ও জাহিদুর রহমান। ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, তাঁরা ক্যাসিনো মাস্টার এজেন্ট হিসেবে পরিচিত। অভিযানের সময় তাঁদের কাছ থেকে ক্যাসিনো খেলা-সংক্রান্ত ১০০টি সিমকার্ড এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার মো. বেলাল হোসেনের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



























