বাংলাদেশের মাটিতে কোনো পরাজিত, পতিত, পলাতক ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে পুনরুত্থান হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত শিক্ষার্থীদের মাঝে নিম গাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মীর শাহে আলম বলেন, বাংলাদেশের মাটিতে যারা তাঁবেদার রাষ্ট্র কায়েমের জন্য ষড়যন্ত্র করবে, সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবিলা করবে। আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি জানান, সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘন না করে আইন অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করছে। তবে এই ধৈর্যকে দুর্বলতা মনে করার সুযোগ নেই। পরিস্থিতির উন্নতি না হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি সতর্ক করেন। এ সময় বিদেশ থেকে টেলিফোন পেয়ে উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা দূর থেকে নির্দেশ দিচ্ছেন, তারা যেন দেশে এসে নেতৃত্ব দেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মোকামতলা এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের মোকামতলা হাইস্কুল মাঠে আসার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ওই দিনই নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানার ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। একই দিন মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার ১ হাজার ৯০০ কোটি টাকার প্রকল্পের ফলকও উন্মোচন করা হবে বলে জানান তিনি।
শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় মোট ১ লাখ ২২ হাজার বাড়ির মধ্যে প্রথম পর্যায়ে ৬২ হাজার বাড়িতে মগ পৌঁছে দেওয়া হচ্ছে এবং পরবর্তী বছর প্রধানমন্ত্রীর ৬৩তম জন্মদিন উপলক্ষে বাকি ৬০ হাজার বাড়িতে মগ বিতরণের পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। প্রতিটি বাড়িতে একটি করে নিমগাছের চারা পৌঁছে দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের গাছের পরিচর্যা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং পড়াশোনায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি।
মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, মোকামতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি তাজুল ইসলাম, মীর শাকরুল আলম সীমান্ত, সদস্যসচিব রোকনউদ্দৌলা রুবেল, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, রুহুল আমিন ফটু, নুরে আলম মামুন তালুকদার, যুবদলের আহ্বায়ক রাসেল মাহমুদ সবুজ ও সদস্যসচিব উজ্জ্বল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। অনুষ্ঠানে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে শিবগঞ্জ ও মোকামতলা এলাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের আরও ৬৪ হাজার শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীর মধ্যে এগুলো বিতরণ করা হবে।
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৩: ০৬আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৩: ০৮





























