মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) কঠোর মুদ্রানীতি গ্রহণ করতে পারে—এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে ডলারের মান বেশ শক্তিশালী হয়ে উঠেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের মুনাফার হারও বৃদ্ধি পেয়েছে। এসবের সরাসরি নেতিবাচক প্রভাবে শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। এতে মূল্যবান এই ধাতুর দর এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে।
শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ১৩ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ শতাংশ কমে দাঁড়ায় ৩ হাজার ৫৮৫ দশমিক ৯২ ডলারে। অন্যদিকে মার্কিন গোল্ড ফিউচারসে আগামী ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে স্বর্ণের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৮৭ দশমিক ৯০ ডলারে নেমে আসে।
বাজারের এমন পরিস্থিতি নিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিটিক্যাল মেটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টনি সেজ জানান, ফেডের কঠোর মুদ্রানীতির আশঙ্কাই স্বর্ণের বাজারের ওপর নতুন করে চাপ তৈরি করেছে। এর ফলে মার্কিন ডলার শক্তিশালী রূপ নেওয়ার পাশাপাশি সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ ধরে রাখার যে সুযোগ-ব্যয়, তাও আশঙ্কাজনকভাবে বাড়ছে। তিনি আরও উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত শেয়ারবাজারে চলমান দরপতনের ধাক্কায় বিনিয়োগকারীরা অন্যান্য খাতের ক্ষতি পুষিয়ে নিতে নিজেদের হাতে থাকা স্বর্ণ বিক্রি করে দিচ্ছেন।
স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দরও নিম্নমুখী রয়েছে। শুক্রবার আন্তর্জাতিক বাজারে রুপার দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪২ দশমিক ৫৮ ডলারে নেমে এসেছে। এছাড়া প্লাটিনামের দাম ২ দশমিক ৬ শতাংশ হ্রাস পেয়ে ১ হাজার ৩০ ৯ দশমিক ৩৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৯০৬ দশমিক ৬৭ ডলারে বিক্রি হচ্ছে।
এদিকে বাংলাদেশের স্থানীয় বাজারে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা হিসেবে নির্ধারিত রয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকায় বিক্রি হচ্ছে।


























