বিএনপির পরিচয়ে থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মতো বক্তব্য দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও মন্ত্রী মর্যাদার সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। রবিবার (২২ নভেম্বর) দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উপজেলা বিএনপির বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে জহির উদ্দিন স্বপন বলেন, 'দল করবেন বিএনপি, কথা বলবেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মতো—তা হবে না। এদের চিনে রাখুন।' তিনি দলের ভেতরে সব ধরনের বিভেদ ও মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকারের সীমাহীন দুর্নীতি ও অনিয়মের কারণে ২০২৪ সালের ৫ আগস্টের পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় কোটি কোটি মানুষ রাস্তায় নেমে গণআন্দোলন গড়ে তোলেন, যার মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।
তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই আহ্বানে পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন এবং বুদ্ধিজীবীরাও সাড়া দিয়েছেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল। এছাড়া সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, মহিলা দলের নেত্রী নয়ন খানম ও ফারহানা আক্তার, ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম মহিদুল মোল্লা ও যুগ্ম আহ্বায়ক আবু বকর ছিদ্দিক, যুবদল নেতা সিরাজুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত বিশ্বাস। সভায় উপজেলার পাঁচটি ইউনিয়নের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।































