সাধারণত উপকূলের অগভীর সমুদ্র, ম্যানগ্রোভ বনসংলগ্ন জলাভূমি বা নদীর মোহনায় বিচরণকারী দুই প্রজাতির বিষধর সামুদ্রিক সাপ এবার কর্ণফুলী নদীর অনেক গভীরে পাওয়া গেছে। গবেষক দল কর্ণফুলী নদীর মোহনা থেকে ৮৮ কিলোমিটার উজানে কাপ্তাই জাতীয় উদ্যান ও রাঙ্গুনিয়ার দুধপুকুরিয়া–ধোপাছড়ি বন সংলগ্ন এলাকায় ‘বিকড সি স্নেক’ ও ‘রাসেলস সি স্নেক’ প্রজাতির সাপের অস্তিত্ব নিশ্চিত করেছে। এই দুই প্রজাতির সাপই অত্যন্ত বিষধর ও প্রাণঘাতী বলে জানিয়েছেন গবেষকেরা।
গবেষক দলের সদস্য এবং বন অধিদপ্তরের বাংলাদেশ ওয়াইল্ডলাইফ সেন্টারের সর্পবিদ মো. সোহেল রানা জানান, স্থানীয় জেলেদের সঙ্গে পাঁচটি দলভিত্তিক আলোচনার সময় তাঁরা জালে নিয়মিত এসব সাপ ধরা পড়ার কথা জানিয়েছিলেন। গবেষকেরা জেলেদের সেসব সাপ সংরক্ষণ করতে বললে পরে সেগুলো সংগ্রহ করা হয়। এই সাপগুলো কীভাবে নদীর এত উজানে এল, তা নিয়ে আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন রয়েছে বলে সোহেল রানা উল্লেখ করেন। ১৮ নভেম্বর আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘ইকোলজি অ্যান্ড ইভোল্যুশনে’ এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। এই গবেষণা দলে আরও যুক্ত ছিলেন চীনের নানজিন ফরেস্ট্রি ইউনিভার্সিটির সজীব বিশ্বাস, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আলাবামার মাহি ওয়াসিম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আশীষ দত্ত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা গবেষক মনজুরুল কিবরিয়া জানান, শুষ্ক মৌসুমে অর্থাৎ ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত নদীতে এ ধরনের সাপের দেখা পাওয়া যায়। এ সময় কাপ্তাই বাঁধের টারবাইন বন্ধ থাকায় উজান থেকে পানির প্রবাহ কমে যায়, ফলে জোয়ারের সঙ্গে সাগরের লবণাক্ত পানি নদীর অনেক গভীরে প্রবেশ করে। এই লবণাক্ততার পথ ধরেই সামুদ্রিক বিষধর সাপগুলো উজানে চলে আসে। এর আগে ২০২০ সালে হালদা নদীতেও ‘বেলচার স্নেক’ নামক বিষাক্ত সামুদ্রিক সাপের অস্তিত্ব পাওয়ার মাধ্যমে তাঁরা নদীর গভীরে লবণাক্ততা ছড়ানোর বিষয়টি বুঝতে পেরেছিলেন।
‘বিকড সি স্নেক’ বা ‘বরশিনাক’ সাপ প্রায় ৪ ফুট ৭ ইঞ্চি (১৪০ সেন্টিমিটার) পর্যন্ত দীর্ঘ হতে পারে। বন বিভাগের লাল তালিকায় একে অত্যন্ত বিষধর হিসেবে বর্ণনা করা হয়েছে। এই সাপে নিউরোটক্সিন ও মায়োটক্সিন নামের বিষ থাকে, যা মানুষের পেশির কোষকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এছাড়া ‘রাসেলস সি স্নেক’ প্রজাতিটি থাইল্যান্ড, মিয়ানমার, ভারত ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় পাওয়া যায় এবং এটি ফুসফুসের সাহায্যে শ্বাস নেওয়ার জন্য নিয়মিত পানির ওপরে উঠে আসে। ২০২৩ সালে ‘সায়েন্স অব মেডিসিন’ সাময়িকীতে প্রকাশিত গবেষণার তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর প্রায় সাত লাখ সাপের কামড়ের ঘটনা ঘটে, যার মধ্যে ৬ হাজার মানুষ প্রাণ হারায়। একই গবেষণায় বাংলাদেশে ৬৫ প্রজাতির বিষধর সাপ রয়েছে বলে উল্লেখ করা হয়।




























