লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজির একটি নৌঘাঁটিতে রোববার ভোরে একটি রুশ জাহাজে সন্দেহভাজন সি ড্রোন বা সমুদ্রভিত্তিক ড্রোন হামলা চালানো হয়েছে। লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, ভূমধ্যসাগরের তীরে অবস্থিত বেনগাজি নৌঘাঁটিতে হামলার ফলে জাহাজটিতে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। রাশিয়া এবং লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের মধ্যে বিদ্যমান একটি সহযোগিতা চুক্তির অংশ হিসেবে জাহাজটি জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য ওই ঘাঁটিতে নোঙর করেছিল। তবে জাহাজটির পরিচয় বা এতে কী ধরনের কার্গো ছিল, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এই হামলার দায় এখন পর্যন্ত কোনো পক্ষ স্বীকার করেনি। লিবিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার কারণ, উৎস এবং এর পেছনে কারা জড়িত তা উদঘাটনের জন্য রাশিয়ার সাথে যৌথভাবে একটি তদন্ত শুরু করা হয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালে ন্যাটোর সহায়তায় দীর্ঘদিনের স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে লিবিয়া রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে পড়েছে। বর্তমানে দেশটিতে ত্রিপলিতে জাতিসংঘের সমর্থিত একটি সরকার এবং পূর্বাঞ্চলে একটি প্রতিদ্বন্দ্বী প্রশাসন সক্রিয় রয়েছে। তেলসমৃদ্ধ এই দেশটি দীর্ঘদিন ধরে রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের মধ্যকার ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।



























