আইএলটি২০ টুর্নামেন্টের নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত হয়েছে আবু ধাবি নাইট রাইডার্সের। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা দুবাই ক্যাপিটালসকে ৫৫ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে।
ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে আবু ধাবি নাইট রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে। দলের বড় সংগ্রহের নেপথ্যে ছিলেন ফিন অ্যালেন ও আন্দ্রে ফ্লেচার। এই দুই ওপেনার উদ্বোধনী জুটিতে ১১৯ রান যোগ করে দলের ভিত গড়ে দেন। ফিন অ্যালেন ২৯ বলে অর্ধশতক পূর্ণ করেন এবং মারকাস স্টোইনিসের এক ওভারে ২৩ রানসহ মোট ৭৪ রান করেন। অন্যদিকে আন্দ্রে ফ্লেচার ৪৯ বলে ৫৫ রান করে নুর আহমাদের বলে বোল্ড হন। তবে শেষদিকে নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা দ্রুত উইকেট হারালে তারা প্রত্যাশিত শেষটা করতে পারেনি। ক্যাপিটালসের হয়ে করিম জানাত ২টি এবং দুশমন্থা চামিরা ২টি উইকেট শিকার করেন।
১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে দুবাই ক্যাপিটালস। মোহাম্মদ রোহিত খানের দুর্দান্ত বোলিংয়ে দলীয় ৬ রানের মধ্যেই তারা ৩ উইকেট হারিয়ে ফেলে। রোহিত খান ফাফ ডু প্লেসি ও মাসউদ গুরবাজকে ফিরিয়ে দেন, এরপর জেসন হোল্ডার ফেরান ম্যাক হোল্ডেনকে। এরপর স্যাম বিলিংস ও হাসান খান দ্রুত বিদায় নিলে ক্যাপিটালসের পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। মারকাস স্টোইনিস ৩২ বলে ৪৭ রানের একটি লড়াকু ইনিংস খেললেও তা যথেষ্ট ছিল না। শেষদিকে উসমান তারিক ক্যাপিটালসের লোয়ার অর্ডারে ধস নামান। সব মিলিয়ে উসমান তারিক ৪টি এবং মোহাম্মদ রোহিত খান ৩টি উইকেট শিকার করেন। ১৭.৫ ওভারে ১১১ রানে অলআউট হয় দুবাই ক্যাপিটালস।


























