বাংলাদেশে নতুন করে এইচআইভি শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থীদের হার গত পাঁচ বছরের ব্যবধানে দ্বিগুণেরও বেশি বেড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সালে নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৭ দশমিক ১৩ শতাংশ ছিলেন শিক্ষার্থী, যা ২০২৫ সালে বেড়ে প্রায় ১৭ শতাংশে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের তথ্যে দেখা যায়, ২০২২ সালের পর থেকে শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণের হার ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী। ২০২২ সালে ৯৪৭ জন নতুন শনাক্তের মধ্যে ৪২ জন (৪ দশমিক ৪৩ শতাংশ) শিক্ষার্থী ছিলেন। ২০২৩ সালে ১ হাজার ২৭৬ জনের মধ্যে ১৮৫ জন (১৪ দশমিক ৫০ শতাংশ) এবং ২০২৪ সালে ১ হাজার ৪৩৮ জনের মধ্যে ২২৩ জন (১৫ দশমিক ৫০ শতাংশ) শিক্ষার্থী শনাক্ত হন। গত বছর অর্থাৎ ২০২৫ সালে মোট ১ হাজার ৮৯১ জন নতুন শনাক্তের মধ্যে ৩২১ জনই ছিলেন শিক্ষার্থী।
বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতার ঘাটতি ও অনিরাপদ সম্পর্কের কারণে এই সংক্রমণ বাড়ছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন জানান, বিদেশি তহবিল কমে যাওয়ায় এইচআইভি বিষয়ক সচেতনতামূলক প্রচারণা হ্রাস পেয়েছে। তিনি স্কুল ও ক্লাবের মাধ্যমে সচেতনতা বাড়ানো এবং এ খাতে নিজস্ব অর্থায়ন ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।
জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের পরিচালক ডা. মো. খায়রুজ্জামান জানান, স্ক্রিনিংয়ের আওতা বাড়ানোর ফলে শনাক্তের সংখ্যা বাড়ছে, তবে অভিবাসী ও যৌনকর্মীদের মধ্যে সংক্রমণ কমেছে। বিভাগটির মতে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা পাওয়ার সীমিত সুযোগ এবং মাত্র ২৩টি জেলায় এইচআইভি পরীক্ষার সুবিধা থাকা এই রোগ মোকাবিলার বড় চ্যালেঞ্জ। এছাড়া সচেতনতার অভাব, সমন্বয়হীনতা এবং আক্রান্ত ব্যক্তিদের প্রতি সামাজিক বৈষম্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
পরিসংখ্যান অনুযায়ী, ১৯৮৯ সালে দেশে প্রথম এইডস রোগী শনাক্ত হওয়ার পর থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১৪ হাজার ৩১৩ জন। এর মধ্যে ৮ হাজার ৫৭৯ জন অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) নিচ্ছেন। গত বছর এই রোগে ২১৯ জনের মৃত্যু হয়েছে এবং এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২ হাজার ৬৬৬ জন। গত বছর নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ৬২ দশমিক ৬১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে ছিল। এছাড়া ২১ দশমিক ৫ শতাংশের বয়স ২০ থেকে ২৪ বছর এবং ৪ দশমিক ৮৭ শতাংশের বয়স ১৫ থেকে ১৯ বছরের মধ্যে ছিল।
বিভাগটির প্রাক্কলন অনুযায়ী, ২০২৫ সালে দেশে এইচআইভি নিয়ে বসবাসকারী মানুষের সংখ্যা ছিল ১৭ হাজার ৪৮০।
























