চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের চূড়ান্ত ফলাফল আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় প্রকাশ করা হচ্ছে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা এই ফলাফল জানতে পারবেন। পাশাপাশি, আবেদন করার সময় পরীক্ষার্থীদের দেওয়া মোবাইল নম্বরে এসএমএস পাঠানোর মাধ্যমেও ফলাফল পৌঁছে দেওয়া হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক আক্তারুজ্জামান এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী তাদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। শিক্ষার্থীদের এই আবেদনের প্রেক্ষিতে গত ১৪ দিনে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা নতুন করে যাচাই করা হয়েছে।
এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশিত হয়েছিল। প্রকাশিত তথ্য অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন উত্তীর্ণ হয়েছিলেন। ওই ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর থেকে পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হয়। মূল ফলাফলে এক বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী।


























