পাকিস্তান সুপার লিগের (পিসিএল) ইতিহাসে প্রথমবারের মতো ম্যাচ গড়াচ্ছে পেশোয়ারে। আগামী ২০২৭ সালের আসরে ছয়টি ভেন্যুর একটি হিসেবে জায়গা করে নেওয়ার পাশাপাশি টুর্নামেন্টের ১২তম আসরের উদ্বোধনী ম্যাচটিও অনুষ্ঠিত হবে এই শহরে। ২০০৬ সালের পর থেকে পেশোয়ারে আন্তর্জাতিক কোনো ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়নি।
টুর্নামেন্টের প্রাথমিক বছরগুলোতে পিসিএলের বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হতো সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শারজাহ ও আবুধাবিতে। পরবর্তীতে টুর্নামেন্টটি পাকিস্তানে পুরোপুরি ফিরে এলে লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি ও মুলতানে ম্যাচগুলো আয়োজিত হয়। গত আসরেই পেশোয়ার ও ফয়সালাবাদসহ ছয়টি শহরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও মধ্যপ্রাচ্যের সংঘাত এবং এর থেকে সৃষ্ট জ্বালানি সংকটের কারণে তা স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে ২০২৬ সালের আসরটি কেবল লাহোর ও করাচির মধ্যে ভাগ করে দেওয়া হয় এবং সব ম্যাচই দর্শকমুক্ত মাঠে অনুষ্ঠিত হয়েছিল।
দীর্ঘ ১২ বছর পর পেশোয়ারে পিসিএল ফেরা নিয়ে লিগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালমান নাসির বলেন, "এই মুহূর্তটির জন্য লিগ কর্তৃপক্ষ এবং বিশেষ করে পেশোয়ারের সমর্থকরা গত ১২ বছর ধরে অপেক্ষা করছেন। ক্রিকেটের প্রতি পেশোয়ারের ভালোবাসা অতুলনীয় এবং পিসিএল ১২ অবশেষে তাদের সেই আবেগকে উপযুক্ত মঞ্চ দিতে যাচ্ছে। ষষ্ঠ ভেন্যু যুক্ত হওয়া আমাদের লিগের প্রসারে একটি বড় পদক্ষেপ এবং স্টেডিয়ামে আসা প্রতিটি দর্শকের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা উপহার দিতে আমরা মুখিয়ে আছি।"
একইভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি শহরের ক্রিকেটপ্রেমীদের ধৈর্যের প্রশংসা করে বলেন, "পেশোয়ার বহু দিন ধরে এর জন্য অপেক্ষা করছে এবং এর সমর্থকরা অত্যন্ত ধৈর্য ও আবেগের সাথে সময় পার করেছেন। পেশোয়ারে পিসিএল নিয়ে আসা মানে পাকিস্তান ক্রিকেটে এই শহরের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং ঘরের মাঠে সেখানকার মানুষকে খেলা উদযাপনের সুযোগ দেওয়া। আমি নিশ্চিত, পেশোয়ারের মানুষ তাদের পরিচিত উষ্ণতা ও উদ্দীপনা দিয়ে লিগকে স্বাগত জানাবে।"
পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টের আসন্ন এই আসরের পূর্ণাঙ্গ সূচি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।























