হজযাত্রীদের আর্থিক চাপ লাঘবের লক্ষ্যে হজের বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ তথ্য জানান। টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি বলেন, সরকার ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেম-ওলামাদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যার অংশ হিসেবেই হজযাত্রীদের খরচ কমানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ধর্মমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তার ফলে দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে মসজিদের খেদমতে নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।
মধুপুর মাদ্রাসার মহাপরিচালক, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মধুপুরের পীর সাহেব হজরত মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে এবং মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমীর পরিচালনায় মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে। মাহফিলে দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য দোয়া করার আহ্বান জানান ধর্মমন্ত্রী।
অনুষ্ঠানে সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা হাসান জামিল ও মাওলানা গাজী ইয়াকুব উসমানীসহ দেশের বিশিষ্ট আলেমরা বয়ান পেশ করেন। মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।



























