জর্জিয়ার বাতুমি শহরে ইসরায়েলি ক্লাব হাপোয়েল বিয়ার-শেভার বিপক্ষে উয়েফা ইউরোপা লিগের ম্যাচ চলাকালীন বেশিকতাশ সমর্থকদের ওপর নিরাপত্তা বাহিনীর 'অসামঞ্জস্যপূর্ণ' হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। ঘটনার পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বৃহস্পতিবার জর্জিয়ার পররাষ্ট্রমন্ত্রী মাকা বোচোরিশভিলির সঙ্গে টেলিফোনে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।
তুরস্কের যুব ও ক্রীড়ামন্ত্রী ওসমান আসকিন বাক এই ঘটনাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ক্রীড়ার বৈশ্বিক মূল্যবোধের পরিপন্থী যেকোনো ধরনের বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন। তিনি তুর্কি ক্রীড়াঙ্গন ও সমর্থকদের অধিকার রক্ষায় সব প্ল্যাটফর্মে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রেসিডেন্সির যোগাযোগ বিভাগের প্রধান বুরহানিত্তিন দুরান এই হস্তক্ষেপের নিন্দা জানিয়ে সমর্থকদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশের শান্তিপূর্ণ উপায়কে কখনোই সহিংসতা বা বলপ্রয়োগের অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত নয়। তিনি আরও বলেন, বেশিকতাশ সমর্থকদের ওপর হওয়া অবিচারের সবচেয়ে বড় জবাব এসেছে তাদের ক্লাবের সংহতি প্রকাশ এবং মাঠের খেলায় দলের জয়ের মাধ্যমে।
ম্যাচের ২৬তম মিনিটে গ্যালারিতে উত্তেজনার সৃষ্টি হয়, যখন একজন সমর্থক ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করলে জর্জিয়ার পুলিশ সেখানে হস্তক্ষেপ করে। পুলিশ সদস্যরা ওই সমর্থককে ঘিরে ফেলে এবং মরিচের গুঁড়া (পেপার স্প্রে) নিক্ষেপ করে, যা পরবর্তীতে বড় ধরনের সংঘাতের রূপ নেয়। এই পুলিশি সহিংসতার কারণে ডেনিশ রেফারি মর্টেন ক্রোগ সাময়িকভাবে খেলা বন্ধ রাখতে বাধ্য হন। উভয় দলকে মাঠ থেকে ড্রেসিংরুমে সরিয়ে নেওয়া হয় এবং বেশিকতাশের খেলোয়াড়রা সমর্থকদের শান্ত করার চেষ্টা করেন।



























