মিশরের রাজধানী কায়রো সংলগ্ন একটি হাইওয়েতে জ্বালানিভর্তি ট্যাংকার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। বুধবার ঘটা এই দুর্ঘটনায় আরও অন্তত ২১ জন আহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
দুর্ঘটনাটি ঘটেছে বৃহত্তর কায়রো এলাকার গিজার ঘনবসতিপূর্ণ এলাকা ওয়ারাকের একটি মহাসড়কে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ট্যাংকারটি উল্টে যাওয়ার পরপরই বিশাল অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে, যার ফলে যানবাহনগুলো একে অপরের সাথে আটকে যায়। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী আহমেদ সামির জানান, যানজটে আটকে থাকা অবস্থায় তিনি ট্যাংকারসহ বেশ কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে দেখেন। তিনি অন্তত আটটি মৃতদেহ পোড়া গাড়ি থেকে উদ্ধার করতে দেখেছেন বলে জানান। তিনি পরিস্থিতিটিকে অত্যন্ত ভয়াবহ এবং আতঙ্কজনক হিসেবে বর্ণনা করেছেন।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন এবং পোড়া গাড়িগুলো থেকে ভুক্তভোগীদের উদ্ধারের চেষ্টা চালান। শত শত মানুষ দুর্ঘটনাস্থলের কাছে ভিড় করেন। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। মৃতদের শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পাবলিক প্রসিকিউটর কার্যালয়।
স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার জানিয়েছেন, আহতদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। পরে তিনি দুর্ঘটনাস্থল এবং হাসপাতালগুলো পরিদর্শন করেন। সরকারের মুখপাত্র আল-কাহেরা নিউজকে জানিয়েছেন, দুর্ঘটনার ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়ার পর রিং রোডটি পুনরায় খুলে দেওয়া হয়েছে।
মিশরে সড়ক নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। অতিরিক্ত গতি, বেহাল রাস্তা এবং ট্রাফিক আইন বাস্তবায়নে গাফিলতিকে এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়। এর আগে ২০১৬ সালের জানুয়ারিতে বেনি সুয়েফ প্রদেশের কাছে এক বহুগাড়ি সংঘর্ষে ২১ জন নিহত ও ১৬ জন আহত হয়েছিলেন।





























