আধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদনকারী ফ্রাঞ্চেসকা আলবানিজ কোস্টারিকার মূল বিমানবন্দরে প্রবেশে বাধা পেয়ে আটকে পড়েছেন। সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার আন্তর্জাতিক সতর্কতা ও দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়ে বৃহস্পতিবার দেশটির অভিবাসন কর্তৃপক্ষ তাঁর প্রবেশ ঠেকিয়ে দেয়। এরপর তিনি দেশটিতে প্রবেশ করতে পারবেন নাকি ফিরে যেতে হবে—সেই বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় সান জোসে বিমানবন্দরে একটি কক্ষে অবস্থান করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সারিবদ্ধ ফাঁকা আসনের পাশে একটি সুটকেস রাখা একটি ছবি পোস্ট করে আলবানিজ লেখেন, "কোস্টারিকায় এটিই হবে আমার প্রথম রাত কাটানোর জায়গা।" মূলত ইউনিভার্সিটি অব কোস্টারিকার আমন্ত্রণে সেখানে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করতে গিয়েছিলেন তিনি। তবে বিমানবন্দর থেকে বের হতে না পারায় তিনি ওই কক্ষ থেকেই ভিডিও কলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট প্রদান অনুষ্ঠানে যুক্ত হন এবং তাঁর এক সহকারী তাঁর পক্ষে সম্মাননাটি গ্রহণ করেন।
প্রবেশে বাধার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে জাতিসংঘের এই স্বাধীন মানবাধিকার গবেষক বলেন, "কোস্টারিকা সরকার যেভাবে আমাকে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করে মিথ্যা তথ্য ছড়িয়েছে, তাতে আমি গভীরভাবে ক্ষুব্ধ। মানবাধিকার রক্ষা করা কোনো সন্ত্রাসবাদ নয়। আইনের শাসনে পরিচালিত একটি দেশে এই ধরনের অপবাদের জন্য সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে।" এর পাশাপাশি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নিপীড়নে কোস্টারিকা সরকারের সমবেদনা ও সহযোগিতার কঠোর সমালোচনা করেন তিনি। তিনি উল্লেখ করেন, ইসরায়েলের সঙ্গে কোস্টারিকার স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তিটি বর্তমানে আইনসভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
আলবানিজকে প্রবেশে বাধা দেওয়ার পর সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল চেম্বারে তাঁর পক্ষে একটি হেবিয়াস কর্পাস পিটিশন দায়ের করা হয়। আদালত এক অন্তর্বর্তীকালীন আদেশে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাঁকে দেশটিতে অবস্থানের সুযোগ দেন এবং ঠিক কী কারণে তাঁর প্রবেশ প্রত্যাখ্যান করা হয়েছে, তা ব্যাখ্যা করতে অভিবাসন কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন। আদালতের এই হস্তক্ষেপে অসন্তোষ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন কোস্টারিকার প্রেসিডেন্সি বিষয়ক মন্ত্রী ও সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো চাভেস। তিনি বিচারবিভাগের সমালোচনা করে লেখেন, এটি একটি খামখেয়ালী বিচারবিভাগের ক্ষমতা দখলের আরও একটি উদাহরণ, যা আন্তর্জাতিক সতর্কতায় সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হিসেবে চিহ্নিত বিদেশিদের এখন সুরক্ষা দিচ্ছে। অবশ্য দেশটির প্রেসিডেন্ট লরা ফার্নান্দেস এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির ওম্বুডসম্যানের কার্যালয়। তাদের মতে, জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হিসেবে আলবানিজের আনুষ্ঠানিক মর্যাদা বা কূটনৈতিক দায়মুক্তি বিবেচনা না করেই অভিবাসন কর্তৃপক্ষ "স্বয়ংক্রিয়ভাবে" তাঁর প্রবেশ প্রত্যাখ্যান করেছে, যা অনুচিত। অন্যদিকে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্কও কোস্টারিকা সরকারের এই সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
গাজা যুদ্ধ চলাকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতিগুলোর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা এবং মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা তুলে ধরার কারণে ২০২৫ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়েন আলবানিজ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর ওই সব কর্মকাণ্ডকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে "রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ" হিসেবে বর্ণনা করেছিলেন। উল্লেখ্য, কোস্টারিকার বর্তমান ডানপন্থী সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক জোরদারে মনোযোগ দিয়েছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশের নির্বাসিতদের নিজেদের দেশে গ্রহণ করা এবং অপরাধ দমনে বুকেলে-রীতির মেগা-কারাগার নির্মাণের মতো পদক্ষেপ গ্রহণ করায় সরকারটি ইতোমধ্যেই নানা সমালোচনার মুখোমুখি।
আলবানিজ একজন হাই-প্রোফাইল স্বাধীন তদন্তকারী যিনি ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ ও পরীক্ষা করে আসছেন। তিনি জেনেভায় অবস্থিত ৪৭ সদস্যের জাতিসংঘ মানবাধিকার পরিষদ কর্তৃক মানবাধিকার পরিস্থিতি নজরদারির জন্য নিযুক্ত বিশেষজ্ঞ দলের অন্যতম সদস্য।


























