ম্যানচেস্টার সিটিতে জিয়ানলুইজি দন্নারুম্মার দুই বছরের যাত্রা শেষ হওয়ার পথে বলে গুঞ্জন উঠেছে। ইতালির এই জাতীয় দলের অধিনায়ক কোচ এনজো মারেসকার আস্থা অর্জনে হিমশিম খাচ্ছেন। দ্য অ্যাথলেটিক এবং ক্যালসিওমারকাটোর প্রতিবেদন অনুযায়ী, ২০৩০ সাল পর্যন্ত চুক্তি থাকলেও আগামী গ্রীষ্মে ম্যানচেস্টার সিটি তাদের গোলরক্ষক বিভাগে বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছে। এমনকি ব্যাক-আপ গোলরক্ষক জেরোনিমো রুলিকেও ক্লাব ছাড়তে হতে পারে।
২০২৫ সালে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পরপরই দন্নারুম্মা ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন। তবে পেপ গার্দিওলার প্রস্থানের পর মারেসকার আগমনে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২৭ বছর বয়সী এই গোলরক্ষক মারেসকার খেলার ধারার সাথে খাপ খাওয়াতে পারছেন না; বিশেষ করে তার ধীরগতির বিল্ড-আপ খেলার স্টাইল কোচের পছন্দ নয়।
চলতি মৌসুমে পিএসজি, লিপজিগ এবং অ্যাস্টন ভিলার বিপক্ষে গোলরক্ষক হিসেবে কিছু ভুলের কারণে তিনি সমালোচনার মুখে পড়েছেন। যদিও তিনি গুরুত্বপূর্ণ কিছু সেভও করেছেন, তবুও সবশেষ মঙ্গলবারের ম্যাচে নাপোলির বিপক্ষে ২-২ ড্রয়ের ম্যাচে রাসমুস হয়লুন্ডের গোলটি তার গ্লাভস ফসকে জালে জড়িয়ে যায়।
দন্নারুম্মাকে দলবদল করা সহজ হবে না। তার বাজারমূল্য প্রায় ৪৫ থেকে ৫০ মিলিয়ন ইউরো এবং ইতিহাদে তিনি প্রতি মৌসুমে প্রায় ১২ মিলিয়ন ইউরো নেট বেতন পান, যা তাকে কিনতে আগ্রহী ক্লাবের সংখ্যা কমিয়ে দিয়েছে। তবে ইতালির এই গোলরক্ষককে নিয়ে জুভেন্টাস ও ইন্টার মিলান আগ্রহ প্রকাশ করেছে। জুভেন্টাস এই গ্রীষ্মে টটেনহ্যাম থেকে গুগলিয়েলমো ভিকারিওকে দলে নিলেও তারা দীর্ঘদিন ধরেই দন্নারুম্মার ভক্ত। অন্যদিকে, ইন্টার মিলান বর্তমানে জোসেপ মার্টিনেজ এবং ইভান প্রোভদেলের ওপর নির্ভর করলেও ভবিষ্যতের গোলরক্ষক হিসেবে দন্নারুম্মার দিকে নজর রাখছে।
























