দীর্ঘ চার বছরেরও বেশি সময় একসাথে কাটানোর পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন হলিউড অভিনেত্রী এমা রবার্টস ও অভিনেতা কোডি জন। গত ২৫ জুলাই যুক্তরাষ্ট্রের আইডাহোর একটি বেসরকারি বাসভবনে জমকালো ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ফ্যাশন সাময়িকী ভোগের (Vogue) বরাতে এই খবরটি নিশ্চিত হওয়া গেছে।
৩৫ বছর বয়সী এমা রবার্টস কেলি কানিংহাম ও এরিক রবার্টসের মেয়ে এবং বিখ্যাত অভিনেত্রী জুলিয়া রবার্টসের ভাতিজি। জনপ্রিয় সিরিজ "আমেরিকান হরর স্টোরি"-র এই অভিনেত্রী বিয়ে করেছেন "ইন দ্য ডার্ক" এবং "উ-ট্যাং: অ্যান আমেরিকান সাগা" খ্যাত অভিনেতা কোডি জনকে। তবে বিয়ের বিষয়ে এই দম্পতির প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিয়ের মূল অনুষ্ঠানে এমা রবার্টসের পরনে ছিল ফ্যাশন ডিজাইনার মনিক লুইলিয়ারের (Monique Lhuillier) তৈরি করা কাস্টম অফ-হোয়াইট সিল্ক শিফন গাউন। এমা মূলত একটি "প্রাচীন ভুতুড়ে পুতুল" (antique ghost doll) সদৃশ লুক পেতে চেয়েছিলেন এবং এই পোশাকটি তাকে সেই কাঙ্ক্ষিত রূপ দিতে সাহায্য করেছে। এই বিশেষ গাউনটি তৈরি করতে ডিজাইনারের প্রায় নয় মাস এবং ১ হাজার ঘণ্টার মতো দীর্ঘ সময় লেগেছে। চমৎকার এই পোশাকটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যা পুরো অনুষ্ঠান জুড়ে পর্যায়ক্রমে পাঁচটি ভিন্ন রূপ ধারণ করতে সক্ষম।
বিয়ের পরবর্তী অনুষ্ঠানের (আফটার পার্টি) জন্য এমা বেছে নিয়েছিলেন মনিক লুইলিয়ারের ২০০৪ সালের কালেকশনের একটি কালো রঙের আর্কাইভাল টু-পিস পোশাক। এতে ছিল একটি কালো করসেট টপ এবং সিল্ক অরগানজা স্কার্ট। আফটার পার্টিতে কালো পোশাক পরার সিদ্ধান্ত নিয়ে এমা ভোগ-কে বলেন, "আফটার পার্টির জন্য কালো পোশাক পরার আইডিয়াটি আমার খুব ভালো লেগেছে। আমরা একটু ভিন্ন কিছু করতে পছন্দ করি। এটি দেখতে যেমন ১০০ বছর আগের ভিন্টেজ মনে হতে পারে, তেমনি বর্তমান সময়েরও মনে হতে পারে।" স্বামীর প্রতিক্রিয়া নিয়ে হাস্যরস করে 'স্ক্রিম কুইন্স' খ্যাত এই অভিনেত্রী বলেন, "আমি জিন্স পরে গেলেও তার কিছু আসত-যেত না। তবে এই পোশাকে আমাকে দেখে সে নিশ্চিতভাবেই কুপোকাত হয়ে যাবে।"
এমা রবার্টস ও কোডি জনের সম্পর্কের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে ২০২২ সালের আগস্টে, যখন কোডি তাদের একটি নৌকায় চুম্বনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। এরপর ২০২৪ সালের জুলাই মাসে তারা আনুষ্ঠানিকভাবে বাগদানের ঘোষণা দেন। বাগদানের ছবি শেয়ার করে এমা বেশ রসিকতা করেই ক্যাপশনে লিখেছিলেন, "আমার মা সবাইকে জানানোর আগেই এটি এখানে পোস্ট করে দিলাম।" ব্যক্তিগত জীবনকে সাধারণত আড়ালে রাখতেই পছন্দ করেন এই জুটি, তবে মাঝে মাঝে একে অপরের জন্মদিনে শুভেচ্ছা জানাতে দেখা যায় তাদের।
উল্লেখ্য, এমা রবার্টসের ৫ বছর বয়সী একটি ছেলে রয়েছে, যার নাম রোডস রবার্ট হেডলান্ড। এমার সাবেক প্রেমিক এবং 'টুলসা কিং' খ্যাত অভিনেতা গ্যারেট হেডল্যান্ডের সাথে তার এই সন্তান রয়েছে। সাবেক এই জুটি তাদের সহ-অভিভাবকত্ব (কো-প্যারেন্টিং) বেশ সুন্দরভাবেই বজায় রেখেছেন। গত জানুয়ারিতে রোডসের বিলম্বে উদযাপিত পঞ্চম জন্মদিন উপলক্ষে ইউনিভার্সাল স্টুডিওস ফ্লোরিডায় ভ্রমণের কিছু ছবি শেয়ার করে তারা তাদের সুন্দর সম্পর্কের ইঙ্গিত দিয়েছিলেন।


























