আওয়ামী লীগের শাসনামলে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জনস্বার্থে এই কর্মকর্তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধি অনুযায়ী, অবসরে পাঠানো এসব কর্মকর্তা অবসরজনিত সব ধরনের সুবিধা পাবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাধ্যতামূলক অবসরে পাঠানো এই কর্মকর্তারা বর্তমানে যুগ্ম সচিব পদমর্যাদার এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন। সরকারি প্রজ্ঞাপনে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।


























