বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন। শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বেসরকারি বার্তা সংস্থা ইউএনবিকে যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে যে, উভয় পক্ষের মধ্যে একটি ‘ভালো’ বৈঠক হয়েছে। তবে বৈঠকে আলোচিত বিষয়বস্তু সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।
কূটনৈতিক অঙ্গনে এই বৈঠকটিকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, কারণ শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সার্জিও গরের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ২৫শে জুন বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণকারী দীনেশ ত্রিবেদীকে শুভেচ্ছা জানিয়ে সার্জিও গর বলেছিলেন, তিনি দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত হিসেবে দীনেশ ত্রিবেদীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
উল্লেখ্য যে, তিনদিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছানোর পর সফরের প্রথম দিনই সার্জিও গর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পর উভয় পক্ষই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে ইতিবাচক ধারায় এগিয়ে নেয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছিল।
এদিকে সফরের দ্বিতীয় দিন শুক্রবার সার্জিও গর ১৪ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। কক্সবাজার বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ার ক্যাম্প-৪এ গিয়ে তিনি বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং রোহিঙ্গাদের জন্য পরিচালিত বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম সরজমিন ঘুরে দেখেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনও তার সঙ্গে ছিলেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় সূত্র জানিয়েছে, সফরকালে প্রতিনিধিদলকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি ও চলমান মানবিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।
































