বার্সেলোনার তারকা ফরোয়ার্ড ফেরান তোরেসের ভবিষ্যৎ নিয়ে গত কয়েক সপ্তাহে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ২৬ বছর বয়সী এই ফুটবলার এতদিন কাতালান ক্লাবটিতে বেশ সুখী ছিলেন বলেই মনে করা হতো, তবে বর্তমানে তিনি ক্লাব ছেড়ে নতুন কোনো অভিজ্ঞতার সন্ধানে যাওয়ার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছেন।
ফেরান তোরেসের চুক্তির মেয়াদ ফুরিয়ে আসতে আর মাত্র ১২ মাস বাকি রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ইউরোপের বিভিন্ন ক্লাব তার প্রতি আগ্রহ প্রকাশ করেছে। তবে এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে পিএসজি। ফরাসি জায়ান্ট ক্লাবটি ফেরানকে দলে ভেড়ানোর জন্য বেশ তৎপরতা দেখাচ্ছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফেরান তোরেস পিএসজিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং বার্সেলোনাও বিষয়টি নিয়ে আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে। যদিও পিএসজির সাথে তার নাম জড়িয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে, তবুও বার্সেলোনা কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে তার পক্ষ থেকে ক্লাব ছাড়ার কোনো অনুরোধ পায়নি। সব মিলিয়ে, বার্সেলোনায় ফেরানের ভবিষ্যৎ এখন বেশ ঝুলে আছে।





























