গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নির্মিত একটি স্মৃতি তোরণে পরপর দুই রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের পাশের রাস্তায় অবস্থিত ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ নামের তোরণটিতে রবিবার গভীর রাতে দুর্বৃত্তরা পুনরায় আগুন দিলে সেটি সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে শনিবার দুপুরে তোরণটি নির্মাণ করা হয়েছিল। ওই রাতেই অজ্ঞাত দুর্বৃত্তরা এতে প্রথমবার আগুন ধরিয়ে দেয়। সেই ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম কিবরিয়া সাগর এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সীর ছবি ও নামের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর রবিবার গভীর রাতে তোরণের অবশিষ্ট অংশে ফের আগুন দেওয়া হলে তা পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়।
এ বিষয়ে পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সী ক্ষোভ প্রকাশ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহত যোদ্ধাদের স্মরণে এই তোরণটি নির্মাণ করা হয়েছিল। পরপর দুই রাতে অগ্নিসংযোগের মাধ্যমে জুলাই মাসের আত্মত্যাগকে অপমান করা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, প্রথম দফায় অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছিল। সোমবার সকালে তোরণে নতুন করে আগুন দেওয়ার বিষয়টি জানতে পেরে পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে, তবে এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।




























