সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে নিষেধাজ্ঞা অমান্য করে প্রবেশ করায় ছয়টি হাউজবোটকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে এই জরিমানা আদায় করা হয়। অভিযানে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টাঙ্গুয়ার হাওরের ইসিএভুক্ত (পরিবেশগত সংকটাপন্ন এলাকা) এলাকায় হাউজবোট প্রবেশ নিষিদ্ধসহ ১১ দফার একটি নির্দেশনা কয়েকদিন আগেই জারি করেছিল জেলা প্রশাসন। সেই নির্দেশনা উপেক্ষা করে মঙ্গলবার অধিকাংশ হাউজবোট ইসিএভুক্ত এলাকায় প্রবেশ করলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে ছয়টি হাউজবোটকে জরিমানা করা হয়। এ সময় তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক এবং সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।






























