গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে ইরানের সঙ্গে আলোচনার ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই এই নৌপথ দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।
এই খবরের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় পাঁচ শতাংশ কমে ৮০ ডলারের নিচে নেমে এসেছে। একই সঙ্গে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও পাঁচ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৭৬ ডলারে দাঁড়িয়েছে। উভয় ধরনের তেলের দামই গত ১৩ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
মার্কো রুবিও জানিয়েছেন, ইরান ও ওমানের সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করার বিষয়ে আলোচনা এগিয়েছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে আগের দফার আলোচনাগুলো ব্যর্থ হওয়ায় তেলের বাজারে এখনো কিছুটা অস্থিরতা রয়ে গেছে।
সূত্র: ডেইলি বাংলাদেশ




























