টানা ভারী বৃষ্টিপাত এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার। এর ফলে নদীটি বর্তমানে বিপৎসীমার (৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই পরিস্থিতি সকাল ৬টা থেকেও বজায় ছিল বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানিয়েছেন, সকাল ৬টা থেকেই পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। তবে রাতের দিকে পানির প্রবাহ কমে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে, নদীর পানি বেড়ে যাওয়ায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ীসহ বেশ কিছু ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এছাড়া জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকাগুলোও প্লাবিত হচ্ছে।
টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন বিষয়টি নিশ্চিত করে জানান, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় স্থানীয় নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে, যা জনদুর্ভোগ বাড়িয়ে তুলেছে।
সূত্র: Dhaka Post






























