পর্তুগিজ উইঙ্গার রাফায়েল লেয়াওকে দলে ভেড়াতে এসি মিলানের ওপর চাপ বাড়াচ্ছে তুর্কি ক্লাব গালাতাসারাই। ইতালির বিভিন্ন প্রতিবেদনের দাবি অনুযায়ী, মিলান তারকাকে রাজি করাতে নেপোলির সাবেক স্ট্রাইকার ভিক্টর ওসিমেনেরও সাহায্য নিচ্ছে তারা।
চলতি গ্রীষ্মকালীন দলবদলে সান সিরো ছাড়ার ইচ্ছা একাধিকবার প্রকাশ করেছিলেন লেয়াও। মিলানে নিজের অধ্যায় শেষ হয়ে এসেছে বলে মনে করছেন এই পর্তুগিজ তারকা। তুরস্কের সুপার লিগের দল ফেনেরবাখচে এবং বেশিকতাসও তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল। তবে গালাতাসারাই তাকে পেতে সবচেয়ে বেশি মরিয়া হয়ে উঠেছে।
মিলাননিউজ-এর প্রতিবেদন অনুযায়ী, লেয়াওকে একটি বড় অঙ্কের বেতনের প্রস্তাব দিয়েছে গালাতাসারাই। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে ভিক্টর ওসিমেনের সঙ্গে খেলার সুযোগও তাকে প্রলুব্ধ করছে। দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো এবং মাতেও মোরেত্তো নিশ্চিত করেছেন যে, গালাতাসারাই এই খেলোয়াড়ের সঙ্গে আলোচনা শুরু করতে জোরালো চেষ্টা চালাচ্ছে।
অন্যান্য তুর্কি ক্লাবের চেয়ে গালাতাসারায়ের প্রতি লেয়াওয়ের আগ্রহ বেশি থাকার মূল কারণ হলো তারা চ্যাম্পিয়ন্স লিগে খেলছে। তাছাড়া ওসিমেনের সঙ্গে লেয়াওয়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। নেপোলির সাবেক এই স্ট্রাইকার তাকে বিদেশে নতুন অভিজ্ঞতার বিষয়ে পরামর্শ দিতে পারেন।
তবে এই দলবদলের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এসি মিলানের আর্থিক দাবি। মিলান কোনোভাবেই ধারে লেয়াওকে ছাড়তে রাজি নয়। তারা কেবল স্থায়ী চুক্তিতে ৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে বিক্রি করতে প্রস্তুত।
বর্তমানে প্রাক-মৌসুম অনুশীলনের জন্য পার্থে রয়েছেন লেয়াও। এদিকে রুবেন আমোরিম দায়িত্ব নেওয়ার পর ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে লেয়াও কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন বলেও জানা গেছে।



























