বলিউড অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানৌত শিক্ষার্থী আন্দোলন নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন। এবার তিনি নাম উল্লেখ না করেই এক সহ-অভিনেত্রীর পোশাক, ভাষা ও ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে কঙ্গনা লিখেছেন, ‘নাম নেব না, তবে এক জিহাদি মোটা অভিনেত্রী লাফিয়ে লাফিয়ে নিট আন্দোলন নিয়ে ভিডিও বানাচ্ছিল। কিন্তু ঝাড়খন্ডের আন্দোলনের সময় তার মুখ বন্ধ ছিল।’
নিজের পোস্টের প্রতিক্রিয়ায় কঙ্গনা আরও লেখেন, ‘আমাকে নিয়েও এ ধরনের অনেক ভুয়া খবর ছড়ানো হচ্ছে। এটিও সম্পূর্ণ মিথ্যা। আমি কাউকে অপমান করতে চাই না। তবে লক্ষ করেছি, ইদানীং এক অভিনেত্রী এমন পোশাক পরেন এবং এমনভাবে কথা বলেন, যেন তিনি একজন পকেটমার। তিনি হাফপ্যান্ট পরেন, উল্টো করে ক্যাপ পরেন। আন্দোলনকারীদের নর্দমাছাপ আচরণকে সমর্থন করতে গিয়ে পকেটমারের মতো ভাষায় কথা বলেন।’
কঙ্গনা আরও যোগ করেন, ‘আমার সব সময়ই মনে হয়, একজন মানুষের পোশাক তার চিন্তাভাবনা ও ব্যক্তিত্বের ওপর প্রভাব ফেলে। আমার প্রিয় সহ-অভিনেত্রী, যদি আপনার পুরুষ সঙ্গী আপনাকে একজন পকেটমারের মতো অনুভব করিয়ে থাকে, তাহলে আমি দুঃখিত। আগে আপনি খুব পরিপাটি পোশাক পরতেন, মার্জিতভাবে কথা বলতেন। আপনার কী হয়েছে? আপনার মতামত অবশ্যই আপনার নিজস্ব। তবে নিজের স্টাইলের দিকেও একটু নজর দিন। প্রয়োজনে আমি সাহায্য করতে প্রস্তুত।’
পরবর্তীতে একটি ভিডিও বার্তায় কঙ্গনা বলেন, কিছু সহ-অভিনেত্রী বিয়ের পর হঠাৎই কট্টর বামপন্থী হয়ে গেছেন। তিনি দাবি করেন, ‘আমি আগে একজন মধ্যপন্থী হিন্দু ছিলাম। এখন যদি আমি সংঘী হয়ে উঠি, তাহলে আমাকে কেন কটাক্ষ করা হবে? আমি কেন বদলাতে পারব না? বহু বছর আগে আধুনিক ছিলাম, এখন যদি কট্টর হিন্দু হয়ে উঠি, তাতে অন্যদের আপত্তি কোথায়?’
যদিও কঙ্গনা সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবে নেটিজেনদের ধারণা, এই মন্তব্য অভিনেত্রী সোনাক্ষী সিনহার উদ্দেশ্যেই করা। কারণ, সোনাক্ষী প্রকাশ্যে আন্দোলনের পক্ষে কথা বলা অল্প কয়েকজন বলিউড তারকার একজন এবং তাঁকে প্রায়ই শর্টস ও ক্যাপ পরা অবস্থায় ভিডিওতে দেখা যায়।
উল্লেখ্য, শিক্ষার্থী আন্দোলন নিয়ে কঙ্গনার বিতর্কিত মন্তব্য এটিই প্রথম নয়। সম্প্রতি তিনি জেন-জি প্রজন্মের নারীদের ‘গাটার জেনারেশন’ বলে অভিহিত করে দাবি করেন, এই প্রজন্মের তরুণীরা একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ককে স্বাধীনতা মনে করেন এবং তাঁরা গৃহিণী হওয়ার যোগ্য নন। তাঁর এসব মন্তব্যের জন্য বিশাল দাদলানি ও সোনু সুদের মতো তারকারা সমালোচনা করেছেন। সমালোচনার মুখে কঙ্গনার পুরোনো সাহসী সিনেমার দৃশ্য ভাইরাল হলে তিনি এর জবাবে বলেন, ‘আপনারা আমার সিনেমার চরিত্রগুলোর দৃশ্য ব্যবহার করছেন, যেগুলোর জন্য আমাকে কোটি কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছে। তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করবেন না।’





























