জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যুক্তরাজ্যের লন্ডনে এক ‘বিপ্লব সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক আলতাব আলী পার্কে আয়োজিত এই সমাবেশে জুলাই সনদ বাস্তবায়ন, বিপ্লবে শহীদ ও আহতদের বিষয়ে সরকারের করণীয় এবং জুলাই সনদের আলোকে রাষ্ট্র গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা। ‘৩৬ জুলাই এলায়েন্স, ইউকে’-এর উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশটির সভাপতিত্ব করেন ‘৩৬ জুলাই এলায়েন্স, ইউকে’-এর কনভেনর আব্দুল লতিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যালায়েন্সের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার বদরে আলম দিদার এবং সদস্য সচিব শাহরিয়ার আলম শিপার।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গ্লোবাল ভয়েস অব জাস্টিসের সভাপতি ড. হাসনাত হোসাইন এমবিই। তিনি তার বক্তব্যে বলেন, জাতির কাছে তারেক সাহেব জুলাই সনদ বাস্তবায়নের ওয়াদা করেছেন। তা বাস্তবায়ন না করলে তিনি ওয়াদা বরখেলাফকারী হিসেবে চিহ্নিত হবেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপের প্রধান মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, জুলাই সনদ যথাযথভাবে বাস্তবায়ন না করা হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে এবং এর দায়ভার বিএনপিকেই নিতে হবে।





























