রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৪টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের সংবাদ পায়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভোর ৪টা ৫৬ মিনিটে গুলশান ডিপ্লোমাটিক এলাকায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে দেখেন, রুমে বড় ধরনের আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়েছে। তারা বালতি ও মগে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
আনোয়ারুল ইসলাম দোলন আরও বলেন, ফায়ার সার্ভিস পূর্ণাঙ্গ চেক করে মেশিন দ্বারা ধোঁয়া বের করে ফেলে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়, বাসার টিভিতে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সৃষ্টি হয়। আগুন নিয়ন্ত্রণের সময় এবং পরে হাইকমিশনার ও তার স্ত্রী মোটামুটি সুস্থ থাকলেও প্রচণ্ড ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়লে সকাল ৯টার দিকে তাদের হাসপাতালে নেওয়া হয়।
সন্ধ্যায় কন্টিনেন্টাল হাসপাতালের অ্যাডমিশন বিভাগ থেকে জানানো হয়, সকালে হাইকমিশনার ও তার স্ত্রী ভর্তি হয়েছেন। বর্তমানে হাইকমিশনারের স্ত্রী নাইমা ইমরান ক্যাবিনে চিকিৎসাধীন রয়েছেন এবং হাইকমিশনার ইমরান হায়দার নিজে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। হাসপাতালের পক্ষ থেকে তাদের শারীরিক অবস্থার সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে।
সূত্র: Dainik Amader Shomoy





























