সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার ঘটনাটি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার (৭ আগস্ট) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে জানিয়েছেন, ওই সংবাদ সম্মেলনের আয়োজনে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না। এটি সম্পূর্ণ একটি বেসরকারি সংবাদমাধ্যমের আয়োজন ছিল বলে তিনি উল্লেখ করেন।
শেখ হাসিনা ওই অনুষ্ঠানে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকার সম্পর্কে যেসব মন্তব্য করেছেন, তার কোনোটিই ভারত সরকার সমর্থন করে না বলে স্পষ্টভাবে জানিয়েছেন জয়সওয়াল। তিনি বলেন, ওই আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না এবং সেখানে করা কোনো মন্তব্যই তাদের সমর্থনপুষ্ট নয়।
এর আগে ঢাকা থেকে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছিল যেন শেখ হাসিনা ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বা বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দিতে না পারেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছিল। তবে সেই অনুরোধ সত্ত্বেও নয়াদিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের ঘটনায় বাংলাদেশ গভীর দুঃখ প্রকাশ করেছে এবং তীব্র প্রতিবাদ জানিয়েছে।






























