দেশের চলমান গ্যাস সংকট নিরসনের লক্ষ্যে সরকার আরও এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির চূড়ান্ত অনুমোদন দিয়েছে। শুক্রবার (০৭ আগস্ট) বিকেলে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি পর্যায়ে (জিটুজি) পদ্ধতিতে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে এই এলএনজি কেনা হবে।
এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) বৈঠকে মোট আট কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। ওই বৈঠকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের চারটি পৃথক প্রস্তাবের প্রেক্ষিতে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ওমান থেকে দুই কার্গো করে মোট আট কার্গো এলএনজি কেনার অনুমোদন মেলে। সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) অনুযায়ী, দরপত্র ছাড়া সরাসরি ক্রয়ের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ড ও কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। গত ২১ জুলাই টার্মিনালে আগুন লাগার পর সেটি বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়।


























