সফল জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। তিনি মনে করেন, রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের স্মৃতিতে ঐক্যের প্রতীক হিসেবে চিরকাল অম্লান থাকবেন এবং তাঁর ত্যাগ ও সংগ্রামের ইতিহাস যুগে যুগে প্রজন্ম থেকে প্রজন্মে প্রেরণা জুগিয়ে যাবে। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে আসিফ আকবর লিখেছেন, সফল জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে জেগে উঠেছে নতুন বাংলাদেশ। স্বদেশি দানবের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ে ১ হাজার ৪০০ বীর জুলাই শহীদ এবং ৩০ হাজার আহত জুলাই যোদ্ধার প্রতি তিনি বিনম্র শ্রদ্ধা জানান। অত্যাচারী, খুনি, লুটেরা ও দেশদ্রোহী ফ্যাসিস্টরূপী দানবীয় শক্তির বিরুদ্ধে মুক্তিকামী জনতার বহু আকাঙ্ক্ষিত বিজয়ের নামই জুলাই বিপ্লব। বাংলাদেশ আজ অনুশোচনাহীন, অসভ্য ও বর্বর পলাতক ফ্যাসিস্টের খপ্পর থেকে রাজনৈতিক পরাধীনতার শৃঙ্খলমুক্ত হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, অনুভূতির প্রতিটি অনুরণনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই অমোঘ বাণীগুলো বাজতেই থাকে। ফ্যাসিস্টকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, 'ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।' দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম জিয়ার মতো আপসহীন দৃঢ়তা আজ জেন-জি প্রজন্মের অস্তিত্বে গভীরভাবে বিরাজমান।
আসিফ আকবর তাঁর পোস্টে বেগম খালেদা জিয়ার একটি উক্তি স্মরণ করে লেখেন, তিনি বলেছিলেন—'দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। এই দেশ, এই দেশের মাটি ও মানুষই আমার ঠিকানা।' তিনি এই মাটিতেই শায়িত হয়েছেন। বেগম জিয়ার জানাজায় সর্বস্তরের মানুষের আবেগ বিস্ফোরিত হয়েছিল এবং তিনি বিদায় নিয়েছেন এক গর্বিত বিজয়ীর মতোই।
পোস্টের শেষাংশে এই সংগীতশিল্পী লেখেন, ম্যাডাম, আপনি সফল। এ দেশের তারুণ্য আপনার আপসহীনতাকে অন্তরে ধারণ করেছে, তাই বাংলাদেশ আর কোনো শৃঙ্খলে আবদ্ধ হবে না। আপনি এ দেশের আপামর জনতার হৃদয়ে দ্রোহের অগ্নিমশাল হয়ে জ্বলবেন অনন্তকাল। প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আপনার কাছ থেকে শেখা ইস্পাত-কঠিন দেশপ্রেম ভোলার মতো নয়। আপনাকে কোনো দিন ভুলব না, ভালোবাসা অবিরাম।



























