জুলাই বিপ্লবের সফলতার দুই বছর পূর্তিতে নতুন বাংলাদেশের অগ্রযাত্রার প্রেক্ষাপটে সংগীতশিল্পী আসিফ আকবর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেছেন। তিনি এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ে ১ হাজার ৪০০ শহীদ এবং ৩০ হাজার আহত জুলাই যোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। আসিফের মতে, অত্যাচারী ও দেশদ্রোহী শক্তির বিরুদ্ধে মুক্তিকামী মানুষের এই বিজয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আসিফ আকবর তার লেখায় উল্লেখ করেন, বাংলাদেশ আজ অসভ্য ও বর্বর ফ্যাসিবাদী শাসনের শৃঙ্খল থেকে মুক্ত। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন মনোভাবের প্রশংসা করে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তার দৃঢ়তা বর্তমান জেন-জি প্রজন্মের অস্তিত্বে মিশে আছে। ফ্যাসিস্টদের উদ্দেশে বেগম জিয়ার সেই বিখ্যাত উক্তি—’ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা’—আজও প্রাসঙ্গিক বলে তিনি মন্তব্য করেন।
বেগম জিয়ার দেশপ্রেমের কথা স্মরণ করে আসিফ আরও বলেন, তিনি বলেছিলেন, ‘দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এই মাটি ও মানুষই আমার ঠিকানা।’ তিনি এই মাটিতেই শায়িত হয়েছেন এবং তার জানাজায় সর্বস্তরের মানুষের আবেগ ও ভালোবাসা ফুটে উঠেছিল। আসিফের ভাষায়, বেগম জিয়া একজন গর্বিত বিজয়ীর মতোই বিদায় নিয়েছেন।
পরিশেষে আসিফ আকবর লেখেন, রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের স্মৃতিতে ঐক্যের প্রতীক হিসেবে চিরকাল অম্লান থাকবেন। তার ত্যাগ ও সংগ্রামের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে প্রেরণা জোগাবে। তিনি আরও বলেন, ‘ম্যাডাম, আপনি সফল। আপনার কাছ থেকে শেখা ইস্পাত-কঠিন দেশপ্রেম এ দেশের তারুণ্য অন্তরে ধারণ করে। আপনি এ দেশের মানুষের হৃদয়ে দ্রোহের অগ্নিমশাল হয়ে অনন্তকাল জ্বলবেন।’
সূত্র: ডেইলি বাংলাদেশ































