ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে বিভিন্ন মহলে যে অপপ্রচার চালানো হচ্ছে, তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সভাপতিকে দুর্বল করার যে প্রচেষ্টা চলছে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
সম্প্রতি ইনফান্তিনোকে ঘিরে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল, যার মধ্যে ছিল বিশ্বকাপ এবং অন্যান্য প্রতিযোগিতা থেকে শেয়ার বিক্রির একটি প্রস্তাবিত পরিকল্পনা। এই পরিকল্পনার পর উয়েফা (ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা) বয়কটের হুমকি দেয় এবং ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। তবে ফিফা সভাপতি ইতিমধ্যে সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন।
ইনফান্তিনো বর্তমানে আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তিনি দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) এবং আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (ক্যাফ) সমর্থন পেয়েছেন। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সেপ ব্লাটারের স্থলাভিষিক্ত হন ইনফান্তিনো, যিনি এর আগে সাত বছর উয়েফার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া, ইনফান্তিনো উয়েফায় কর্মরত থাকাকালীন তার বিরুদ্ধে ওঠা একটি ছয় অঙ্কের অর্থ প্রদানের অভিযোগকেও তিনি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।
ফিফার মুখপাত্র এক বিবৃতিতে বলেন, কনমেবল এবং ক্যাফের সাম্প্রতিক বিবৃতির সাথে সুর মিলিয়ে ফিফা স্পষ্ট করছে যে, তারা এমন কোনো নির্বাচনী প্রক্রিয়া সমর্থন বা সহ্য করবে না যা ফিফার সংবিধি, গণতান্ত্রিক পদ্ধতি এবং প্রতিষ্ঠিত শাসন কাঠামোর পরিপন্থী। মুখপাত্র আরও যোগ করেন, ফিফা সভাপতিকে সদস্য দেশগুলো গণতান্ত্রিকভাবে নির্বাচিত করেছে এবং তিনি তাদের ম্যান্ডেট অনুযায়ী কাজ করে যাচ্ছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, কিছু মহল সচেতনভাবে ফিফা এবং এর সভাপতিকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে। যাদের সদস্য দেশগুলোর সমর্থন নেই, তারা অপপ্রচার বা মিথ্যা অভিযোগের মাধ্যমে ফায়দা লোটার চেষ্টা করছে। সম্প্রতি গণমাধ্যমে ফিফা ও সভাপতিকে নিয়ে যেসব ভিত্তিহীন দাবি ও মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে, তা প্রত্যাখ্যান করেছে সংস্থাটি।
ফিফা জানিয়েছে, ইনফান্তিনো দীর্ঘ ৩০ বছর ধরে বিশ্ব ফুটবলের উন্নয়নে কাজ করছেন এবং খেলাধুলার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই পরিবর্তন অনেকের স্বার্থে আঘাত হানতে পারে, তবে তা সভাপতিকে দুর্বল করার কোনো অজুহাত হতে পারে না। ফিফা স্বচ্ছ পর্যালোচনার পক্ষে থাকলেও, তথ্য বিকৃতি বা ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে বিভ্রান্তি তৈরির সুযোগ দেবে না বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার মরক্কোতে অনুষ্ঠিত এক সভায় ফিফার ম্যানেজমেন্ট বোর্ড ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে। উয়েফা অবশ্য জানিয়েছে, পরিকল্পনা বাতিল হলেও তাদের বয়কটের হুমকি এখনো বহাল রয়েছে।
ফিফা তার ২১১টি সদস্য অ্যাসোসিয়েশন এবং বিশ্বজুড়ে ফুটবলের প্রতি দায়বদ্ধ। আমরা আমাদের সংস্থাকে শক্তিশালী করা, সদস্য অ্যাসোসিয়েশনগুলোর জন্য কাজ করা এবং আমাদের লক্ষ্য অর্জনে অবিচল থাকব, কোনো অপপ্রচার বা বিভ্রান্তি আমাদের এই পথ থেকে বিচ্যুত করতে পারবে না।






























