হোয়াইট হাউসের বলরুম নির্মাণ প্রকল্প স্থগিতের আদালতের রায়কে 'জাতীয় লজ্জা' বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তকে সর্বোচ্চ পর্যায়ের জাতীয় নিরাপত্তা হুমকি হিসেবেও উল্লেখ করেন। ট্রাম্পের দাবি, প্রকল্পের অধিকাংশ কাজ সম্পন্ন হওয়ার পর এবং অর্থ পরিশোধের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলরুমের নিচতলায় সামরিক বাঙ্কারসহ অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য থাকায় এটি গুরুত্বপূর্ণ বলে তিনি জানান।
ওয়াশিংটনভিত্তিক ইউএস কোর্ট অব আপিলস ফর দ্য ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া সার্কিটের তিন বিচারকের প্যানেল ২-১ ভোটে এই নির্মাণ কাজ বন্ধের প্রাথমিক আদেশ বহাল রেখেছে। ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশন গত বছর এই প্রকল্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল, যখন প্রশাসন হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে ৮,৩৬০ বর্গমিটার আয়তনের বলরুম তৈরির কাজ শুরু করে। আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারকদের মতে, বিশাল বলরুম নির্মাণ করা হবে কি না তা নির্ধারণের দায়িত্ব কংগ্রেসের, নির্বাহী বিভাগের নয়। তারা উল্লেখ করেন, প্রেসিডেন্টের নিজস্ব ইচ্ছা অনুযায়ী হোয়াইট হাউসকে নতুন করে সাজানোর কোনো নিরঙ্কুশ ক্ষমতা নির্বাহী শাখাকে দেওয়া হয়নি।
আদালত তাদের রায় কার্যকর করার আগে ১৪ দিনের স্থগিতাদেশ দিয়েছে, যাতে ট্রাম্প প্রশাসন ইউএস সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ পায়। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তারা অবিলম্বে সুপ্রিম কোর্টে আপিল করবেন এবং এই রায় সম্পূর্ণভাবে বাতিল করার আহ্বান জানাবেন। তিনি গত মাসে ট্রুথ সোশ্যালে দাবি করেছিলেন যে, বলরুমটি মূল প্রস্তাবের চেয়ে প্রায় দ্বিগুণ বড় এবং অনেক উন্নত মানের হচ্ছে, যা নিরাপদ ও সুরক্ষিত হবে।
আইনি লড়াই চলাকালীন ৫ জুন শুনানিতে বিচার বিভাগের অ্যাটর্নি ইয়াকভ রথ যুক্তি দিয়েছিলেন যে, ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের বিষয়ে আদালতের কোনো ভূমিকা থাকা উচিত নয়। তিনি ন্যাশনাল ট্রাস্টের স্থাপত্য বিষয়ক আপত্তির চেয়ে জাতীয় নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে মত দেন। তার দাবি, আগের ইস্ট উইংয়ের নকশা প্রেসিডেন্টসহ অন্যদের হামলার ঝুঁকিতে ফেলেছিল। তবে সংরক্ষণবাদী গোষ্ঠীর আইনজীবী থাডিউস হিউয়ার পাল্টা যুক্তি দিয়ে বলেন, প্রশাসন আসলে কংগ্রেসের কাছে যেতে চায় না। এর আগে আরেকটি মামলায় ট্রাম্পের নাম অবৈধভাবে কেনেডি সেন্টারের গায়ে যুক্ত করার অভিযোগে তা অপসারণের নির্দেশ দিয়েছিল আদালত।





























