দীর্ঘ চার দশক পর আর্জেন্টিনায় কোনো পোপের ঐতিহাসিক আগমন ঘটতে যাচ্ছে। আগামী নভেম্বরের এই সফরকে ঘিরে চরম অর্থনৈতিক সংকটে থাকা দেশটির লাখ লাখ ক্যাথলিক নাগরিক নতুন আশার আলো খুঁজছেন। অনেকেই পোপ লিও চতুর্দশের এই সফরকে বর্তমান কঠিন পরিস্থিতিতে একটি ঐশ্বরিক সংকেত হিসেবে দেখছেন।
২০২৩ সালের ডিসেম্বরে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন উদারপন্থী হাভিয়ের মিলেই। তাঁর কঠোর কৃচ্ছ্রসাধন নীতির কারণে দেশটিতে মূল্যস্ফীতি কমলেও এবং আর্থিক ঘাটতি হ্রাস পেলেও সাধারণ মানুষকে এর জন্য চরম মূল্য দিতে হচ্ছে। মজুরি ও পেনশন কমে যাওয়ার পাশাপাশি গণপরিবহন, জ্বালানি, বাড়িভাড়া ও খাদ্যের দাম বেড়ে যাওয়ায় লাখ লাখ মানুষ ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে আর্জেন্টিনার ক্যাথলিক চার্চ সতর্ক করে বলেছে, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে।
রাজধানী বুয়েনস আইরেসের সেন্ট ক্যাজেটান চার্চে প্রার্থনার জন্য আসা ৭০ বছর বয়সী অবসরপ্রাপ্ত মারিয়া রুইজ দিয়াজ বলেন, "আমি আশা করি পোপ আমার মতো দরিদ্রদের সাহায্য করতে আসবেন।" একই স্থানে প্রার্থনারত ৬০ বছর বয়সী সান্তিয়াগো ওলাভে বলেন, "দেশটি অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। পোপ মানুষের হৃদয় ও মনকে উন্মুক্ত করতে পারেন।"
তবে নিজের অর্থনৈতিক পরিকল্পনার পক্ষে সাফাই গেয়ে প্রেসিডেন্ট মিলেই সম্প্রতি বলেছেন, "আমি পপুলিজম বা সস্তা জনপ্রিয়তার রাজনীতি করব না। আমি সঠিক কাজটি করেই নিজের অবস্থানে অটল থাকব।"
পোপের সফরের ঘোষণার সাথে মিল রেখে সেন্ট ক্যাজেটান গির্জায় একটি প্রতীকী কার্ডবোর্ড স্থাপন করা হয়েছে। সেখানে পোপের ছবির পাশে একজন বয়স্ক নারী, হুইলচেয়ারে থাকা একজন প্রতিবন্ধী নারী, একজন গৃহহীন মানুষ এবং একজন শিক্ষকের ছবি রয়েছে, যার নিচে লেখা—"সেন্ট ক্যাজেটান, এই আপনার জনগণ।" মিলেই প্রশাসনের বাজেট ছাঁটাইয়ের শিকার হওয়া বিভিন্ন সামাজিক খাতকে এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
বুয়েনস আইরেসের আর্চবিশপ মনসিনিয়র হোর্হে গার্সিয়া কুয়েরভা এক প্রার্থনাসভায় বলেন, "অর্থনৈতিক স্বাধীনতা কখনো পরম হতে পারে না, একে সবসময় সাধারণ মানুষের কল্যাণ ও মানবিক মর্যাদার মাপকাঠিতে বিচার করতে হবে।"
ভ্যাটিকান নিশ্চিত করেছে, আগামী ৮ থেকে ১১ নভেম্বর পর্যন্ত আর্জেন্টিনা, উরুগুয়ে ও পেরু সফর করবেন পোপ লিও। সফরকালে তিনি আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের পশ্চিমে অবস্থিত আওয়ার লেডি অব লুজান এবং কর্ডোবা প্রদেশ পরিদর্শন করবেন।
আর্জেন্টিনায় সর্বশেষ কোনো পোপের সফর হয়েছিল ১৯৮৭ সালের এপ্রিলে, যখন জন পল দ্বিতীয় দেশটি সফর করেছিলেন। ২০১৩ সালে পোপ হওয়ার পর নিজ মাতৃভূমিতে আর কখনো ফিরে যাননি পোপ ফ্রান্সিস। অন্যদিকে, পোপ লিও-র এই সফর বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ তিনি যুক্তরাষ্ট্রের প্রথম পোপ হলেও পেরুর সাথে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। সেখানে তিনি কয়েক দশক মিশনারি হিসেবে কাজ করেছেন এবং ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত চিকলায়োর বিশপ হিসেবে দায়িত্ব পালন করেছেন।































